মেঙ্গালুরু: দু’দশক ধরে একের পর এক ধর্ষণ। খুন। গণকবর দেওয়ার অভিযোগ। কর্ণাটকে মেঙ্গালুরুর ধর্মস্থলে এমনই চাঞ্চল্যকর মামলায় নয়া মোড়।এবার অভিযোগকারীকেই গ্রেপ্তার করল পুলিসের বিশেষ তদন্তকারী দল (সিট)। পুলিস জানিয়েছে. ফরেন্সিক রিপোর্টের সঙ্গে অভিযোগকারী সাফাইকর্মী সি এন চিন্নাইয়ের বয়ানে অসঙ্গতি মিলেছে। এরইসূত্রে শুক্রবার গভীর রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার চিন্নাইকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চিন্নাইকে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। আদালত তাঁর ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগকারীর বয়ান ও পেশ করা নথিপত্রে অসঙ্গতি মিলেছে।
অভিযোগকারী ধর্মস্থলে ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত সাফাই কর্মী হিসেবে কাজ করতেন। ওই সময় তাঁকে বহু দেহ কবর দিতে বাধ্য করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সেগুলি মধ্যে ছিল অনেক মহিলা ও শিশুর দেহ। কোনও কোনও দেহ যৌন নির্যাতনের চিহ্ন ছিল বলেও তিনি অভিযোগ করেন। এব্যাপারে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ানও দিয়েছিলেন চিন্নাই। এর ভিত্তিতেই তদন্তে নামে সিট।