সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার নাটনা গ্রাম পঞ্চায়েতের হাউলিয়া পার্ক মোড়ের সব্জি বাজারে রাস্তার পাশে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে টেকা দায় উঠছে। যার ফলে নাকে রুমাল চাপা দিয়ে বাসিন্দাদের বাজার করতে হচ্ছে। আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় সব্জি ব্যবসায়ীরা যেখানে সেখানে ময়লা ফেলছেন। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, এবিষয়ে বারবার পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিকে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু, তাদের কোনও হেলদোল নেই। যদিও পঞ্চায়েতের দাবি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। তাই কিছুটা সমস্যা হচ্ছে। ওই প্রকল্প হয়ে গেলে সমস্যার সমাধান হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের পাশেই বসে হাউলিয়া সব্জি বাজার। তেহট্ট ও নাটনার মধ্যে এই বাজার সবচেয়ে বড়। ভোর থেকেই চাষিরা তাঁদের উৎপাদিত সব্জি বিক্রির জন্য এখানে নিয়ে আসেন। সারাদিনের সব্জি বিক্রির পর সমস্ত আবর্জনা বাজারের সামনে ফেলা হচ্ছে। কারণ, কোনও ডাস্টবিনের ব্যবস্থা নেই। সেই আবর্জনাই পচে দুর্গন্ধ বের হচ্ছে। আর তার জেরে যাঁরা বাজার করতে আসছেন, তাঁরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনই পথ চলতি মানুষকেও নাকে রুমাল দিতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, আমাদের আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। তাই সমস্যা হচ্ছে। আমাদের বাধ্য হয়েই রাস্তার পাশে আবর্জনা ফেলতে হচ্ছে। পঞ্চায়েত থেকে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা করে দিলে খুবই সুবিধা হতো। এতে রাস্তার দু’পাশ পরিষ্কার থাকবে। আমাদের ময়লা ফেলা নিয়েও চিন্তা করতে হবে না।
স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব হালদার বলেন, বাজারের সামনে আবর্জনার স্তূপ ডাঁই হয়ে রয়েছে। নাকে রুমাল দিয়ে বাজার করতে হচ্ছে। পঞ্চায়েত বা প্রশাসন বিষয়টিতে নজর দিলে ভালো হয়। পঞ্চায়েতের উচিত, খুব তাড়াতাড়ি ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে বাজারকে পরিষ্কার রাখা।
বাজার কমিটির সম্পাদক বিজয়কুমার ঘোষ বলেন, আগে খালের ধারে এই আবর্জনা ফেলা হতো। প্রশাসন সেটা বন্ধ করে দিয়েছে। এখনও কোনও নির্দিষ্ট জায়গা দেওয়া হয়নি। নির্দিষ্ট জায়গা দিলে আমরা বাজার কমিটির তরফে সেই আবর্জনা ফেলার ব্যবস্থা করব। এতে বাজার পরিষ্কার থাকবে। আমরা বহুবার পঞ্চায়েত ও বিডিওকে বিষয়টি জানিয়েছি। কিন্তু, কোনও সুরাহা হয়নি।
নাটনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বিশ্বাস বলেন, ময়লা তুলে সেটা কাজে লাগানোর জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দরকার। কিন্তু, ওই প্রকল্প বাস্তবায়নের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। তাই সমস্যা হচ্ছে। ওই প্রকল্প হলে সমস্যার সুরাহা হবে।