Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঙালি হেনস্তার প্রতিবাদে মিছিল

বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল।

বাঙালি হেনস্তার প্রতিবাদে মিছিল
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল। বুধবার দুপুরে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা এবং জঙ্গিপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় পৃথক দু’টি মিছিলে হাজার হাজার মানুষ পা মেলায়। মিছিলে শামিল হন বহু পরিযায়ী শ্রমিকের পরিজনরা। তাঁরা নিজেদের তাগিদেই মিছিলে হাজির হয়েছেন বলেই দাবি। 

Advertisement

বহরমপুরে জেলা পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে বহরমপুর শহর পরিক্রমা করে। কাজি নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূল বিধায়কদের। বাঙালি মনীষীদের ছবি হাতে মিছিল থেকে বার্তা দেওয়া হয়, বাংলা ভাষার অমর্যাদা কিছুতেই মানা হবে না। এদিনের মিছিলে অংশ নেন সাংসদ আবু তাহের খান, তৃণমূল বিধায়ক তথা সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক হুমায়ুন কবীর, রেয়াত হোসেন সরকার, জীবনকৃষ্ণ সাহা প্রমুখ।  এদিন দুপুরে জঙ্গিপুর সাংগঠনিক জেলা কার্যালয় ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি রাম সেন সেতু হয়ে রঘুনাথগঞ্জ ফুলতলা দাদাঠাকুর ট্রাফিক মোড় পর্যন্ত পরিক্রমা করে। এদিনের মিছিলে অংশ নেন সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মহম্মদ আলি, ইমানী বিশ্বাস সহ অন্যান্যরা। 
আবু তাহের বলেন, বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্যাতন করছে বিজেপি সরকার এবং তাদের পুলিস। তাদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে দিল্লির পার্লামেন্টের এই আওয়াজ উঠবে। শ্রমিকদের উপর অত্যাচার আমরা কিছুতেই মানছি না। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার মানব না। যেভাবে হয়রানি করা হচ্ছে তা বন্ধ করতে হবে। 
খলিলুর সাহেব বলেন, মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেন। এখানকার বহু নির্মাণ শ্রমিকের হাতের কাজ শিল্পীদের মতো। দেশের এমন অনেক স্মৃতিসৌধ আছে যা আমাদের এখানকার শিল্পীদের নিপুণ হাতের দক্ষতায় তৈরি হয়েছে। অথচ আমাদের শিল্পীরা আজ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা পাচ্ছে। নির্মম অত্যাচার করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। 
তবে এদিন বহরমপুর জেলা পার্টি অফিসে বসে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনকে সমর্থন করে সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ এদিন বলেন, সব জায়গাতেই কলকাঠি নাড়া চলছে। সমস্ত বিধানসভায় সমস্যা তৈরি হয়েছে। আমার হরিহরপাড়ায় সমস্যা ছিল না, সেখানেও এখন গোষ্ঠী সমস্যা শুরু হয়েছে। আমি ২০০৯ সালে এই এই জেলায় যখন রাজনীতি শুরু করি, তখন এখানে ঝান্ডা ধরার লোক ছিল না। গোষ্ঠী কেন তৈরি হল, কেন তৈরি হচ্ছে এখন? কারা গোষ্ঠী তৈরি করছে? প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীকোন্দল আছে। এই গোষ্ঠী সমস্যা যতক্ষণ না মিটবে, ততক্ষণ কিন্তু অবস্থা ভালো নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ