উচ্চফলনের দৌড়ে হারিয়ে যেতে বসেছে দেশীয় ধান, বীরভূমে ৭৫ প্রজাতি সংরক্ষণে উদ্যোগ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: হারিয়ে যেতে বসা দেশীয় ধানের ৭৫ প্রজাতির বীজ সংরক্ষণের উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের কমলাকান্তপুর ও বড় শিমুলিয়া গ্রামে এই বীজ সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংরক্ষিত হচ্ছে অন্যান্য শস্য ও ফসলের বীজও। দেশীয় ধানের চাষ বাড়ানো এবং চাষিদের উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

Advertisement

জানা গিয়েছে, ব্লকের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, পরিবেশ দপ্তর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কাজ চলছে। কমলাকান্তপুরের চাষি দীনবন্ধু দাসের সংগ্রহে রয়েছে প্রায় ৩০ প্রজাতির দেশীয় ধানের বীজ। বড় শিমুলিয়ার চাষি বিপ্লব ব্যাপারীর সংগ্রহে রয়েছে প্রায় ৭৫ প্রজাতির বীজ। তাঁদের কাছ থেকেই প্রশাসন বীজ সংগ্রহ করেছে। সংরক্ষিত ধানের মধ্যে রয়েছে কবিরাজশাল, দুধেশ্বর, খেঁজুরছরি, কেরালা সুন্দরী, সিঁদুরমুখী, ঝুমপুরি, কালাভাত, খারা, কনকচূড়া, হেংলালঘু, ভাষামানিক, ট্যাংরাশাল, রাবনশাল, বহুরূপী, তুলসী মুকুল ও রাধুনিপাগল। কামিনীভোগ, বাসমতি, বার্মাব্ল্যাক ও বাদশাভোগের মতো দামি চালের ধানের বীজও রয়েছে। কবিরাজশাল ও দুধেশ্বর ধানের চাল গর্ভবতী ও সন্তান প্রসবা মায়েদের পুষ্টির জন্য উপযোগী বলে জানা গিয়েছে। রাসায়নিক সারের ব্যবহার, তুলনামূলক কম ফলন ও মুনাফার অভাবে দেশীয় ধানের চাষ কমেছে। চাষিরা উচ্চ ফলনশীল ধান চাষের দিকে ঝুঁকেছেন। তবে রাসায়নিক চাষে জমির উর্বরতা কমছে। এই পরিস্থিতিতে জৈব পদ্ধতিতে দেশীয় ধান চাষে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। দেশীয় ধানের চাষে বৈজ্ঞানিক পরামর্শ দিচ্ছেন বরুণ গড়াই। তিনি বলেন, ‘এই ধানগুলি এখন প্রায় অমিল। চাষিদের জৈব সার ব্যবহার করে দেশীয় ধান চাষে উৎসাহিত করছি। ভালো ফলন হলে চাল বিক্রি করেও লাভের সম্ভাবনা রয়েছে।’
পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের বীরভূম জেলা সমন্বয়ক অরূপকুমার থান্দার বলেন, ‘বোলপুরের দু’টি গ্রাম থেকে প্রায় ৭৫ রকম দেশীয় ধানের বীজ সংগ্রহ করা হয়েছে। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে এই ধান চাষে ভালো ফলন সম্ভব। রাসায়নিক ব্যবহারে জমির উর্বরতা কমছিল। এখন চাষিরা বুঝতে পারছেন, দেশীয় ধান চাষ করেও মুনাফা অর্জন সম্ভব। আমরা তাঁদের আরও বেশি করে উৎসাহিত করছি।’ দীনবন্ধু দাস ও বিপ্লব ব্যাপারী বলেন, ‘আমরা অল্প অল্প করে দেশীয় ধানের চাষ করি এবং বীজ সংগ্রহ করি। কেউ চাষ করতে চাইলে বীজ দিই। একসময় এই ধানেরই চাষ হতো। এখন তা কমে গিয়েছে। দেশীয় ধান চাষে জৈব সার ব্যবহার হয়। এতে জমির ক্ষতি হয় না। আমরা অন্য চাষিদেরও এই ধান চাষের পরামর্শ দিচ্ছি।’