শিলিগুড়ির ২৪টি ওয়ার্ডে ড্যামেজ কন্ট্রোলে বিজেপি
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তোলাবাজি থেকে সিন্ডিকেটরাজ। দাদাগিরি থেকে দলের একাংশের মধ্যে সমন্বয়ের অভাব। এ ধরনের ঘটনা বেশি ঘটছে শিলিগুড়ি শহরের সংযোজিত জলপাইগুড়ি জেলার ২৪টি ওয়ার্ডে। পুরভোটের আগে এজন্য ড্যামেজ কন্ট্রোলে নামল বিজেপি। রবিবার দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির শীর্ষ নেতারা দলের ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। এরবাইরে এদিন দলের জেলা কার্যালয়ে সংযুক্ত মোর্চার সংগঠনিক কার্যকলাপ পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করে যুবমোর্চা। 

Advertisement

শিলিগুড়ি  পুরসভার মোট আসন ৬৩টি। এরমধ্যে সংযোজিত এলাকায় ওয়ার্ড ২৪টি। সংশ্লিষ্ট এলাকা জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে। ওই এলাকাতেই মাঝেমধ্যে দল বিতর্কে জড়িয়ে পড়ছে। যার ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এমন প্রেক্ষাপটে দলের শৃঙ্খলা ফেরাতে আসরে নেমেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 
বিজেপি সূত্রে খবর, এদিন জেলা কার্যালয়ে এ ব্যাপারে বিধায়কের সঙ্গে দলের রাজ্য নেতা প্রবীণ আগরওয়াল, রাজু সাহা সহ নেতরা বৈঠক করেন। পরে দলের এক নেতা জানান, সংশ্লিষ্ট এলাকায় দলের শৃঙ্খলা বাড়ানো, বুথকমিটি শক্তিশালী করা, দল বিরোধী কাজে অভিযুক্তদের তালিকা তৈরি, জনসংযোগ নিবিড় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
এদিকে, পার্টি অফিসে যুব, মহিলা, এসসি, কিষান প্রভৃতি মোর্চার সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতিটি মোর্চার জেলা সভাপতি, ইনচার্জ, দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ প্রমুখ ছিলেন। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক কর্মসূচি নিয়মিত পালন হচ্ছে কি না, কর্মীদের উপস্থিতির হার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে বিভিন্ন মোর্চার আমন্ত্রিত সদস্যদের মধ্যে অনেকেই গরহাজির ছিলেন। এ বিষয়ে দলের নেতৃত্ব রিপোর্ট তলব করেছে বলে খবর। 
অন্যদিকে, এদিন পার্টি অফিসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখায় যুব মোর্চা। সংগঠনের জেলা সভাপতি সৌরভ সরকার বলেন, যুব সমাজকে শক্তিশালী করার বার্তা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ৩৫০ জন এসেছিলেন।