বলরাম দত্তবিণক, রামপুরহাট: বি-টেকের পরই কাজের প্রস্তাব এসেছিল। কিন্তু চাকরির সেই হাতছানি সরিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষক পরিবারের কৃতী সন্তান মহম্মদ সুলতান। সুযোগ পেয়েছিলেন খড়্গপুর আইআইটিতে পিএইচডি করার। তার মধ্যেই এল বড় সাফল্য—সর্বভারতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান নিয়ে ইসরোর বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হলেন সুলতান।
মাড়গ্রাম থানার কানাইপুর গ্রামে বাড়ি সুলতানের। আদ্যপ্রান্ত কৃষক পরিবারে বেড়ে ওঠা তাঁর। সুলতানের সাফল্যে উচ্ছ্বসিত গোটা কানাইপুর গ্রাম। ছাত্রছাত্রীদের কাছেও তিনি হয়ে উঠেছেন আইকন। গত ২২ অক্টোবর ফল প্রকাশিত হয়। ছেলের সাফল্যের কথা শুনে আনন্দে আত্মহারা বাবা-মা, দাদা-বউদি থেকে শুরু করে পড়শিরাও। বাড়িতে এই আনন্দের ধারা বইয়ে দেওয়ার লড়াইটা খুব সহজ ছিল না সুলতানের। কানাইপুর গ্রামীণ স্কুল থেকে মাধ্যমিক পাশ। উচ্চশিক্ষার জন্য তাঁকে পাঠানো হয় হাওড়ার আল-আমিন মিশনে। উচ্চ মাধ্যমিকে ঝকঝকে রেজাল্ট। এরপর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বি-টেক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম-টেক। পরে গবেষণার গবেষণার সুযোগ আইআইটি খড়্গপুরে। সুলতান বলেন, ‘বি-টেকের পর পরই চাকরির অনেক সুযোগ এসেছিল। কিন্তু, সব সুযোগ প্রত্যাখান করে মন দিই পিএইচডি ডিগ্রি অর্জনে। আর সেটা করার মাঝেই ইসরোর বিজ্ঞানী হওয়ার সুযোগ পেলাম। বেশ ভালো লাগছে।’
সুলতানের বাবা আলি জিন্না পেশায় কৃষক। অক্লান্ত পরিশ্রম করে দুই ছেলেকে বড় করেছেন। দাদা মহম্মদ আজিজুর রহিম রঙের ব্যবসায়ী। ও বউদি রুবিনা গৃহবধূ। সুলতানের পড়াশোনার পিছনে দাদা-বউদির ভূমিকাও কম ছিল না। ভাইয়ের এহেন সাফল্যে বেশ গর্বিত আজিজুর। তিনি বলছিলেন, ‘ভাই যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেজন্য সাধ্যমতো সহযোগিতা করেছি। আমাদের সবার চেষ্টা সফল হয়েছে।’ ছেলের এই সাফল্যে গর্বিত বাবা আলি জিন্নার ও মা আয়েসা বিবি।
কানাইপুরের মতো ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে দেশের মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী হওয়া নিঃসন্দেহে বড়ো প্রাপ্তি। সুলতানের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, গোটা বীরভূম জেলার গর্ব। বর্তমানে সুলতান রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে তাঁর দাদার বাড়িতে রয়েছেন। রবিবার তাঁর সঙ্গে দেখা করে কৃতীকে সংবর্ধনা জানান বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। আজ, সোমবার কেরলের উদ্দেশে রওনা দেবেন সুলতান। রওনা হওয়ার আগে এলাকাবাসীর শুভেচ্ছা, আশীর্বাদ ও ভালোবাসায় ভাসছেন দেশের ভবিষ্যৎ বিজ্ঞানী।



