জেলা পরিষদের বহু জমি বেদখল, এবার উদ্ধারে মরিয়া বিজেপি বোর্ড
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দখল হয়ে গিয়েছে মালদহ জেলা পরিষদের বহু জমি। কোথাও ওই জমি দখল করে গড়ে উঠেছে দোকানপাট, কোথাও আবার তৈরি হয়েছে বাড়িঘর। এবার ওইসব জমি দখলমুক্ত করতে মরিয়া জেলা পরিষদের বিজেপি বোর্ড। প্রায় এক বছর পর বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদে অর্থ স্থায়ী সমিতির বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জেলা পরিষদের কোথায়, কত নিজস্ব জমি রয়েছে এবং তার মধ্যে কতটা দখল হয়ে গিয়েছে, তার তথ্য জোগাড় করা। সেইমতো যাঁরা জেলা পরিষদের জমিতে অবৈধভাবে বসবাস কিংবা ব্যবসা করছেন, তাঁদের নোটিস দেওয়া হবে। না শুনলে আইন মেনে পদক্ষেপ করা হবে। 

Advertisement

এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে অবশ্য গরহাজির ছিলেন সহকারী সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এর আগে তৃণমূল বোর্ডে সভাধিপতি ছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের টিকিটে জেতা লিপিকা শিবিরের সদস্যদের সমর্থনে মালদহ জেলা পরিষদে বোর্ড গঠন করে বিজেপি। সহকারী সভাধিপতি পদে নির্বাচিত হন লিপিকা। যদিও সহকারী সভাধিপতি নির্বাচিত হওয়ার পর সেভাবে জেলা পরিষদে দেখা যাচ্ছে না তাঁকে। সহকারী সভাধিপতির চেম্বারে সংস্কারকাজ চলায় তিনি নিয়মিত জেলা পরিষদে আসছেন না বলে খবর। তবে অর্থ স্থায়ী সমিতির মতো বৈঠকে তাঁর অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এনিয়ে জানতে সভাধিপতিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মেসেজেরও জবাব দেননি। যদিও সভাধিপতির স্বামী প্রসেনজিৎ ঘোষ বলেন, সভাধিপতি অসুস্থ। সেকারণে তিনি এদিনের বৈঠকে যোগ দিতে পারেননি। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ভাস্কর মজুমদার বলেন, এদিনের বৈঠকে জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। সেক্ষেত্রে জেলা পরিষদের যেসব হাট-বাজার, মার্কেট কমপ্লেক্স, ফেরিঘাট কিংবা ভবন রয়েছে, সেগুলি থেকে কীভাবে আয় বাড়ানো যায়, তার রূপরেখা তৈরি হয়েছে এদিনের বৈঠকে। তাছাড়া জেলা পরিষদের অনেক জমি দখল হয়ে গিয়েছে। কোথায়, কতটা জমি দখল হয়েছে, ভূমি আধিকারিকদের কাছে তা নিয়ে রিপোর্ট চেয়েছি আমরা। ওই রিপোর্ট হাতে পেলে জেলা পরিষদ নিজস্ব জমি দখলমুক্ত করতে অভিযানে নামবে। 
জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশংকর রায় বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল এখন কার্যত শূন্য। তৃণমূল বোর্ডের আমলে জেলা পরিষদের নিজস্ব তহবিলে কত টাকা এসেছে এবং কত টাকা খরচ হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। এদিনের বৈঠকে ঠিক হয়েছে, জেলা পরিষদের নিজস্ব যেসব জমি দখল হয়ে রয়েছে, সেগুলি যদি দখলমুক্ত করা যায়, তাহলে আমরা সেখানে মার্কেট কমপ্লেক্স বা কোনো অনুষ্ঠানগৃহ করতে পারি। তা থেকে জেলা পরিষদের নিজস্ব তহবিলে টাকা আসতে পারে। জেলা পরিষদের অনেক মার্কেটে বহু দোকানদার আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছেন না। আবার এমনও রয়েছে, জেলা পরিষদের মার্কেটে বছরের পর বছর ব্যবসা করছেন, অথচ তাঁর সম্পর্কে জেলা পরিষদের কাছে কোনো তথ্য নেই। এগুলি শক্ত হাতে হাল ধরার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।