সংবাদদাতা, রামপুরহাট: তীব্র গরমে টেকা দায়। তারই মধ্যে কোথাও ঘনঘন লোডশেডিং, কোনও এলাকা আবার রাতভর বিদ্যুৎহীন। সামান্য ঝড়বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যাচ্ছে। পরিষেবা স্বাভাবিক হতে লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সবথেকে সমস্যা শিশু ও বৃদ্ধদের। গত মঙ্গলবারও রাতভর বিদ্যুৎহীন ছিল ময়ূরেশ্বরের একাধিক গ্রাম। প্রতিবাদে বুধবার সকালে কলেশ্বরের শিবমন্দিরের কাছে পথ অবরোধ করেন ভুক্তভোগীরা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে অবরোধ। পরে পুলিসের আশ্বাসে অবরোধ উঠলেও বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মানুষ। ঘনঘন লোডশেডিং গরমের দোসর হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ময়ূরেশ্বরের জনজীবন। মানুষ অতিষ্ঠ। পাশাপাশি পাম্প চালাতে না পারায় বাড়ছে পানীয় জলের সমস্যা। মঙ্গলবার রাত সাড়ে দশটায় বিদ্যুৎ চলে যায়। গোটারাত অন্ধকারে ডুবে থাকে গ্রামের পর গ্রাম। গরমে জেগে রাত কাটাতে হয় মানুষকে। অবস্থা সহ্যের বাইরে চলে যাওয়ায় বুধবার সকালে কলেশ্বর থেকে লোকপাড়া যাওয়া রাস্তার শিবমন্দিরের কাছে অবরোধ করেন বাসিন্দারা। কলেশ্বরের বাসিন্দা প্রবোধ দাঁই বলেন, প্রচণ্ড রোদ, গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘাঁ হয়েছে ঘন ঘন লোডশেডিং। দিন কয়েক ধরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট চলছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে ঝড় শুরু হতেই বিদ্যুৎ চলে যায়। তারপর সারারাত আসেনি। শিশু থেকে বয়স্ক কারও ঘুম হয়নি। প্রতিবাদে রাস্তায় নেমেছি।



