নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ ধাক্কায় ক্ষতির আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ-ওড়িশা এলাকা দিয়ে চলা ৫০টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথ ইস্টার্ন রেলের ৪টি, ইস্ট কোস্ট রেলের ২২টি ও সাউথ কোস্ট রেলের ২৪টি ট্রেন। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবিত এলাকার ৬০০ কিলোমিটার রেললাইনে বিশেষ নজরদারি করা হয়েছে। ট্রেন বাতিলের পাশাপাশি উপকূল এলাকার সড়কে যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। মঙ্গলবারই বাতিল করা হয়েছে বিজয়ওয়াড়া থেকে চেন্নাই ও বেঙ্গালুরুগামী দু’টি বিমান।
অন্যদিকে, ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা প্রশাসনের উদ্যোগে লোকজনকে আগে থেকে সরিয়ে নিরাপদ জায়গায় সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ২০টি জেলায় ২,১৩১টি ফ্লাড শেল্টার খোলা হয়েছে। ১০৮৭টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলিতে ৮ হাজারের উপর বেড ও ১ হাজারের বেশি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। অগ্রিম খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে রেশন দোকানগুলিতে। তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে ২ কোটি ৭০ লক্ষ মানুষের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়েছে প্রশাসন। পাশাপাশি, ওড়িশায় গজপতি ও নবরংপুর জেলায় ১১ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। মালকানগিরি, গঞ্জাম, কোরাপুট সহ বিভিন্ন জেলার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার কাজ চলছে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার লোককে সরানো হবে। প্রশাসন সূত্রে খবর, ওড়িশার আট জেলায় স্কুল বন্ধ রাখা হচ্ছে। ১৩৫টি স্থায়ী সাইক্লোন শেল্টার সহ ১৬০০টি অস্থায়ী শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। ওড়িশা সরকার ২৯৪টি উদ্ধারকারী দল প্রস্তুত রেখেছে। এনডিআরএফ, এসডিআরএফ ছাড়াও দমকল বাহিনীকে নামানো হয়েছে। ঘূর্ণিঝড়ে যাতে একটিও মৃত্যু না হয়, তার জন্য তৎপর দুই রাজ্য প্রশাসন। পুরীর সৈকতে পর্যটকদের সতর্ক করতে লাগানো হয়েছে লাল পতাকা।-নিজস্ব চিত্র



