Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইরাল জ্বরে আক্রান্ত বহু, বেড অমিল বালুরঘাট জেলা হাসপাতালে

জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের সংখ্যা দক্ষিণ দিনাজপুর জেলায় হুহু করে বাড়ছে। এই উপসর্গ নিয়ে বহু রোগী বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি।

ভাইরাল জ্বরে আক্রান্ত বহু, বেড অমিল বালুরঘাট জেলা হাসপাতালে
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের সংখ্যা দক্ষিণ দিনাজপুর জেলায় হুহু করে বাড়ছে। এই উপসর্গ নিয়ে বহু রোগী বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি। সকাল হলেই পুরনো তিনতলা ভবনের মেল মেডিসিন এবং ফিমেল মেডিসিন ওয়ার্ডে রোগীর ভিড় উপচে পড়ছে। নতুন করে রোগী এলেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে হাসপাতালে। স্থানাভাবে একই বেডে দুই রোগীকে রেখে চিকিত্সা চলছে। অভিযোগ, পর্যাপ্ত বেডের অভাবে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছে।

Advertisement

এবিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, জ্বর-সর্দি নিয়ে মেল এবং ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভিড় বাড়ছে। সবাইকে চিকিত্সা পরিষেবা দেওয়া হচ্ছে। তাই কোনও রকমে সংশ্লিষ্ট ওয়ার্ডেই রোগীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তবে আজ বেড পাওয়া যায়নি, এমন অভিযোগ নেই।
রোদ-বৃষ্টির আবহাওয়ায় কয়েকদিন ধরে ঘরে ঘরে জ্বর-সর্দি বেড়েছে। অনেকে ভাইরাল জ্বরে আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, মেল এবং ফিমেল মেডিসিন ওয়ার্ডের ৬০ শতাংশ রোগী জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত। দুই ওয়ার্ড মিলিয়ে ১৮০টি বেড রয়েছে।
কিন্তু তার থেকে বেশি রোগী এই মুহূর্তে মেডিসিন ওয়ার্ডে ভর্তি। এই অবস্থায় হাসপাতালে নতুন করে কেউ ভর্তি হতে এলে সমস্যা বাড়ছে। চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার বালুরঘাট শহরের ব্রতী সঙ্ঘ এলাকা থেকে জ্বরে আক্রান্ত ব্রজেন্দ্রনাথ প্রামাণিককে হাসপাতালে আনা হয়। অভিযোগ, হাসপাতালে আনার তিন ঘণ্টা পরও তাঁকে বেডের জন্য অপেক্ষা করতে হয়। রোগীর ছেলে বিশ্বজিতের কথায়, কয়েকদিন ধরে জ্বর না কমায় বাবাকে হাসপাতালে এনেছিলাম। কিন্তু হাসপাতালে এসে দেখি বেড নেই। বেড না থাকা দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে হয়। তিন ঘণ্টা পর অন্যের একটি বেডে আমার বাবাকে দেওয়া হয়। 
হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। বিশ্বজিতের বক্তব্য, হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকলে আমাদের মতো রোগীরা কোথায় গিয়ে ভর্তি হবে? হাসপাতাল কর্তৃপক্ষের উচিত, শীঘ্রই বেড সংখ্যা বৃদ্ধি করা। বেড না থাকায় রোগী ও রোগীর পরিজনেরা হয়রান হচ্ছে।  বালুরঘাট জেলা হাসপাতালে বেড না থাকায় হুইল চেয়ারে বসে রয়েছেন এক রোগী।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ