নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুকুরের জল উপচে ভেসে গেল মেগা সিটি আসানসোলের বিস্তীর্ণ অংশ। বাড়ির ভিতর কোমরসমান জল। জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ির বহু সামগ্রী। নষ্ট হয়েছে চাল, ডাল সবই। আচমকা দুর্যোগে দিশাহারা আসানসোলের রাধানগর রেলগেট, ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা। শুক্রবার সেখানে আসেন পুরসভার কাউন্সিলার ও বরো চেয়ারম্যান। বিষয়টি নিয়ে পুকুর মালিককে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, পুকুর থেকে জল বের করার সময় পাড় ভেঙে বিপত্তি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১১টা নাগাদ আচমকা ম্যাসনপট্টি, রেলগেট, ছিন্নমস্তার মতো রাধানগরের বিস্তীর্ণ এলাকা দিয়ে বিপুল জলের স্রোত বয়ে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর কোমরসমান জল হয়ে যায়। সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারেননি। মুহূর্তেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর্তনাদ করতে থাকেন মানুষজন। বাইরের রাস্তাও জলের তলায় চলে যায়। বাড়ির সব সামগ্রী জলের তলায় চলে যেতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, ওই এলাকার পাশ্ববর্তী একটি বড় হোদলাপুকুর রয়েছে। সেখান থেকেই বিপুল জল এসেছে এই এলাকায়। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পাড় কেটে জল বের করতে গিয়েই এই বিপর্যয়। এলাকার বাসিন্দা প্রমীলাদেবী, নেপালি ঠাকুর বলেন, আমাদের বাড়িতে কোনও সামগ্রীই অবশিষ্ট নেই। জলের তোড়ে সব ভেসে গিয়েছে।
স্থানীয় কাউন্সিলার শ্রাবণী মণ্ডল হাটুজল পেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে থাকেন। ঘটনাস্থলে এসে আসানসোল পুরসভার বার্নপুর বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউরি বলেন, ওই পুকুরে একজন মাছ চাষ করে। তিনি জানিয়েছেন, জল বের করার আউটলেট ভেঙে এই বিপত্তি। আমরা জানিয়ে দিয়েছি, দ্বিতীয়বার এই ঘটনা হলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়। বোল্ডার দিয়ে পুকুরের পাড় মজুবত করতে নির্দেশ দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র