নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও ছ’মাস রাজ্যের মুখ্যসচিব থাকবেন ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ। সোমবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ দিন। তবে রাজ্যের তরফে তাঁর মেয়াদ বৃদ্ধির আর্জিতে কেন্দ্র সিলমোহর দেওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব পদেই কর্মরত থাকবেন তিনি। প্রসঙ্গত, সোমবারই ছিল মনোজ পন্থের জন্মদিন। এদিন বিকেলেই তাঁর মেয়াদ বৃদ্ধির ছাড়পত্র এসে পৌঁছেছে নবান্নে। সূত্রের খবর, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল ২৮ জুন। কর্মিবর্গ মন্ত্রকের চিঠির জন্য সকাল থেকেই অপেক্ষায় ছিল নবান্ন। শেষমেষ বিকেল ৫টা নাগাদ চিঠি আসে। তারপর থেকেই মুখ্যসচিবের কাছে আসতে শুরু করে শুভেচ্ছা বার্তা। প্রসঙ্গত, এর আগে রাজ্যের দুই মুখ্যসচিবের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধির আর্জি মেনে নিয়েছিল কেন্দ্র। হরিকৃষ্ণ দ্বিবেদীর ছ’মাসের এবং বি পি গোপালিকার তিন মাসের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছিল তারা। আগামী বছর মে মাস নাগাদ বাংলায় বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে ডিসেম্বরের পরে মনোজ পন্থকে আরও ছ’মাসের জন্য রেখে দিতে ফের নবান্নের তরফে কেন্দ্রকে চিঠি লেখা হবে কি না, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে।



