ইম্ফল, ১৩ নভেম্বর: ভয়ঙ্কর ঘটনা! ফের রক্ত ঝরল মণিপুরে। উখরুল জেলায় দুটি গাড়িকে লক্ষ্য করে পরপর গুলি। শিহরিত গোটা এলাকা। গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যু। গুরুতর আহত আরও ২ জন।
পুলিশ সূত্রের খবর, ইম্ফল-উখরুল রোডে নিউ হেভেন এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। দুষ্কৃতীদের গুলিতে ২ মহিলা এবং ২ পুরুষের মৃত্য়ুর খবর সামনে আসছে। গুলিতে নিহতদের মধ্যে মা ও ছেলে রয়েছে বলেও জানা গিয়েছে।
গতকাল, বৃহস্পতিবারই গুলিবিদ্ধ হয়ে এক কুকি মহিলার মৃত্যু হয়। কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং পার্শ্ববর্তী সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই রাজ্যে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
বিগত কয়েকবছর ধরে উত্তপ্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। নিখোঁজ বহু। আজও তাঁদের কোনো খোঁজ মেলেনি। সূত্রের খবর, চলতি বছরেই ফেব্রুয়ারি মাস থেকে পাহাড়ি জেলাগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সেখানে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।



