শারোদৎসবের প্রাণপুরুষ যাঁরা, কুমোরটুলির সেই শিল্পীদের স্বাস্থ্যসুরক্ষা দিতে এগিয়ে এল মণিপাল হসপিটালস কলকাতা। হাসপাতালের উদ্যোগে এবং রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস (আরডব্লিউএ) ও প্রতিমাশিল্পী সমিতির সহযোগিতায় প্রতিমাশিল্পীদের জন্য প্রিভিলেজ হেলথ কার্ড চালু করা হল। ৫০ জন শিল্পীর হাতে এই কার্ড তুলে দেওয়া হল সম্প্রতি। এর মাধ্যমে তাঁরা ওপিডি পরিষবা (আউটডোরে ডাক্তার দেখানো), রেডিওলজি ও ল্যাবরেটরি ইনভেস্টিগেশন (নানা পরীক্ষা নিরীক্ষা) ও হেলথ চেক আপ-এ ২৫ শতাংশ করে ছাড় পাবেন। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে নানা সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, প্রতি তিন মাস অন্তর কুমোরটুলিতে কার্ডিওলজি, অর্থোপেডিক, ফুসফুস ও চোখের জন্য দাতব্য ক্যাম্পও আয়োজন করবে মণিপাল। কলকাতার হেরিটেজ ম্যাপে কুমোরটুলি অন্যতম সেরা গন্তব্য। কলকাতার এই প্রাণকেন্দ্র দুর্গাপুজোর প্রধান ভরসা হলেও বরাবরই লাইমলাইটের আড়ালে। সেখানকার শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মণিপালই প্রথম এমন উদ্যোগ নিল। উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালস (ইস্ট)-এর রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডা. অয়নাভ দেবগুপ্ত। সঙ্গে ছিলেন ডাঃ কুনাল সরকার, ডাঃ অংশু সেন, ডাঃ বিকাশ কাপুর, ডাঃ শুভায়ু বন্দ্যোপাধ্যায়, ডা. অভিনিবেশ চট্টোপাধ্যায় প্রমুখ চিকিৎসকরা। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনাসভা ও শিল্পীদের সংবর্ধনা প্রদানেরও আয়োজন ছিল।



