ফিরদৌস হাসান, শ্রীনগর: অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ছাপ রেখেছেন তিনি। গত বছর সে দেশের শীর্ষ ১০০ জন উদ্যোগপতির তালিকায় তাঁর নাম ছিল। তরুণ উদ্যোগপতি হিসেবে বিশ্বের নানাপ্রান্তে ভারতবাসীর মুখোজ্জ্বল করেছেন মণিন্দরজিৎ কালা ওরফে মন্নু কালা। এবার তাঁর লক্ষ্য কাশ্মীরের সামগ্রিক উন্নয়ন। তিনি ভূস্বর্গের ভূমিপুত্র। কাশ্মীরে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, পর্যটন সহ একাধিক সেক্টরে সফল ব্যবসা গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি। তাঁর কথায়, ‘অফুরন্ত সম্ভাবনা রয়েছে কাশ্মীরে। এর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, দক্ষ যুব সম্প্রদায়, ভৌগোলিক অবস্থান ব্যবসা গড়ে তোলার জন্য আদর্শ। তবে প্রযুক্তিগত জ্ঞান, নেটওয়ার্ক উন্নতি ঘটাতে পারলেই কাশ্মীর আরও উন্নত হবে।’ আর এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মন্নু। তিনি জানিয়েছেন, ভূস্বর্গে প্রচুর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে রয়েছে তাঁর। কাশ্মীরের তরুণ প্রজন্ম যাতে উপত্যকাতেই ভবিষ্যৎ গড়তে পারেন, সেই সুযোগ তৈরি করতে চান তিনি। মণিন্দরজিৎ বলছেন, ‘আমার মতো যেন আর কাউকে নিজের দেশ, নিজের জন্মভূমি ছাড়তে না হয়, সেটা নিশ্চিত করব।’ স্বাস্থ্য প্রযুক্তি, রপ্তানিযোগ্য কৃষি, ডিজিটাল শিক্ষার মতো বিষয় তাঁর নজরে রয়েছে। তবে কেবল ব্যবসায়িক উদ্দেশ্য নয়, তিনি কাশ্মীরে ফিরছেন অন্য কারণে। জন্মভূমিকে প্রতিদান দিতে চান তিনি। লক্ষ্য স্বপ্নপূরণ। তাঁর কথায়, ‘কাশ্মীর আমাকে গড়ে তুলেছে। মূল্যবোধ শিখিয়েছে। আমার বিদেশযাত্রার ভিত গড়ে দিয়েছিল। এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার। এতেই আমার স্বপ্নপূরণ হবে।’ বিশ্ববাজারের চাহিদা বোঝেন মণিন্দরজিৎ। সেই উপলব্ধিকেই কাজে লাগাতে চাইছেন তিনি। ‘আমি যদি তরুণ প্রজন্মকে বোঝাতে পারি, কাশ্মীরে থেকেও বিশ্বব্যাপী সাফল্য পাওয়া যায়, তাতেই আমার সার্থকতা’, বলছিলেন মণিন্দর।



