সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে ও সাধনাস্থল তুলে ধরে চমক মানিকপাড়া বারোয়ারির
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা কৃষ্ণনগর: কৃষ্ণনগরের এক কোণে অবস্থিত মানিকপাড়া বারোয়ারি। এবছর তাদের জগদ্ধাত্রী পুজো ষষ্ঠ বর্ষে পা দিল। কয়েক বছরের মধ্যেই আয়োজন ও সাবেকি প্রতিমার মধ্য দিয়ে শহরবাসীর মনে জায়গা করে নিয়েছে তারা। এই প্রতিমা শহরবাসীর কাছে মা রুদ্রাণী নামেই পরিচিত। গত বছর থেকে কৃষ্ণনগরের ঐতিহ্য সাং-এর মাধ্যমে বিসর্জন শোভাযাত্রায় অংশ নিচ্ছে মানিকপাড়া। 

Advertisement

এবছর তাদের আকর্ষণ মণ্ডপসজ্জার ভাবনা। সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে এবং তাঁর সাধনাস্থলের পরিবেশকে তুলে ধরেছেন উদ্যোক্তারা। মণ্ডপে প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখে পড়বে সাধক বামাক্ষ্যাপার মা-বাবার গৃহ। সেই বাড়ির আঙিনায় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তুলসী মন্দির। পুরো পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার সাবেকি আবহে। তারপর মায়ের সাবেকি প্রতিমা দর্শন করে মণ্ডপ থেকে বেরোনোর পথে দর্শনার্থীরা দেখতে পাবেন সাধক বামাক্ষ্যাপার সাধনাস্থলের দৃশ্য। 
পুজো কমিটির কোষাধক্ষ্য কৌশিক সরকার বলেন, আমাদের পুজো সবেমাত্র ছয় বছরে পা দিল। আমাদের মায়ের নাম মা রুদ্রাণী। রুদ্র মানে শিব। তার স্ত্রী দুর্গা। জগদ্ধাত্রী দুর্গারই আরেক রুপ, সেই হিসাবে মায়ের নাম এমন রাখা হয়েছে। আমাদের মায়ের মূর্তিতে বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে প্রতিমার চার হাত উপরে তোলা এবং বাঘ সিংহের লড়াই দেখা যায়। 
সম্পাদক প্রদীপ ঘোষ বলেন, প্রতিমা গত বছর থেকে সাং-এর মাধ্যমে শোভাযাত্রা করে বিসর্জন ঘাটে যাচ্ছে। নতুন প্রজন্মও খুব উৎসাহী। সকলের আশীর্বাদে আমরা পুজো ধীরে ধীরে বড় করার চেষ্টা করব। প্রশাসনও আমাদের সবরকম সাহায্য করছে। সাবেকি প্রতিমায় মা রুদ্রাণীর আরাধনার পাশাপাশি মণ্ডপসজ্জায় সাধক বামাক্ষ্যাপার জীবন ও সাধনাক্ষেত্রের এমন উপস্থাপনা দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। পুজোর ষষ্ঠ বর্ষে ঐতিহ্য ও অভিনব ভাবনার মেলবন্ধনে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত মানিকপাড়া বারোয়ারি। • নিজস্ব চিত্র