Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকবাজার-পারাজ মোড় সার্ভিস রোড জলে ভাসছে

টানা বৃষ্টির জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের মানিকবাজার মোড় থেকে পারাজ মোড়ের সার্ভিস রোড জলে ভাসছে।

মানিকবাজার-পারাজ মোড় সার্ভিস রোড জলে ভাসছে
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: টানা বৃষ্টির জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের মানিকবাজার মোড় থেকে পারাজ মোড়ের সার্ভিস রোড জলে ভাসছে। বৃষ্টি থামলেও জল জমেই রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকায় জাতীয় সড়কের নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় জল জমছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। আগে এই গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের সৃষ্টি হতো। সেই জন্য ওখানে ফ্লাইওভার করা হয়েছে। তাতে যানজট থেকে মুক্তি মিলেছে। কিন্তু, নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় বর্ধমান ও দুর্গাপুরগামী দুই দিকের সার্ভিস রোডেই জল জমছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, দূরপাল্লার গাড়িগুলি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু, পারাজ, মানিকবাজার সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছে। জাতীয় সড়ক থেকে ওই রাস্তা দিয়েই গ্রামে যেতে হয়। 
পারাজের সৈকত লাহা বলেন, প্রচুর জল জমে রয়েছে। বাইকের চাকা স্লিপ খেয়ে যাচ্ছে। কতটা জল জমেছে তা দূর থেকে বোঝা যাচ্ছে না। তিনি জানান, কোথাও যাতায়াত করতে হলে এই এলাকার বাসিন্দারা বাস ও টোটোর উপর নির্ভরশীল। সার্ভিস রোড ধরে সারাদিনে কয়েকশো বাস চলাচল করে। অনেক টোটোও চলে। যেভাবে জল জমেছে তাতে চাকা স্লিপ করে বড় দুর্ঘটনা ঘটতে পারে। 
সাইকেল আরোহী মনোয়ার হোসেন বলেন, অনেক গাড়ি জমা জলের মধ্যেই দ্রুত গতিতে যাচ্ছে। তাতেও জামা কাপড়ে নোংরা জলের ছিটে এসে লাগছে। তাই ওখানে যানের গতি নিয়ন্ত্রণ করা দরকার। 
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, ওখানে জাতীয় সড়কের জায়গা নেই। ফলে ড্রেন তৈরি করা নিয়ে সমস্যা হচ্ছে। জমে থাকা জল জমিতে ফেললে চলে যাবে। কিন্তু, তাতে আপত্তি রয়েছে। তবে সমস্যা সমাধানের জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ