কলম্বো: ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ভারতের মহিলা দলের দাপট অব্যাহত। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। সৌজন্যে স্মৃতি মান্ধানার দুরন্ত শতরান। টস জিতে ব্যাট করতে নেমে তারকা ওপেনার ১৫টি চার ও ২টি ছক্কা সহ ১০১ বলে ১১৬ রানের ইনিংস উপহার দেন। সেই সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে পাহাড়প্রমাণ ৩৪২ রান তোলে ভারত। জবাবে ১০ বল বাকি থাকতেই ২৪৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫ ম্যাচে মোট ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা স্নেহ রানা।
ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। ফাইনালে হোম টিমকে উড়িয়ে দিয়ে তারই মধুর প্রতিশোধ নিলেন হরমনপ্রীত কাউররা। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় ব্যাটাররা। তাই রবিবার কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি ক্যাপ্টেন হরমনপ্রীত। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রেখে শুরুটা দুর্দান্ত করেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান। এরপর প্রতীকা (৩০) আউট হলেও মান্ধানা থামেননি। ৫৫ বলে অর্ধশতরানের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৯২ বলে শতরানে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত মান্ধানাকে আউট করেন বিহঙ্গা। এছাড়া রান পেয়েছেন হারলিন দেওল (৪৭), হরমনপ্রীত কাউর (৪১) ও জেমাইমা রডরিগেজ (৪৪)। তবে বাংলার রিচা ঘোষের ব্যাট থেকে ৮ রানের বেশি আসেনি। শেষদিকে আমনজ্যোত্ (১৮) ও দীপ্তি শর্মার (২০) ঝড়ে সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছয় টিম ইন্ডিয়া।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। খাতা খোলার আগেই আমনজ্যোত্ কাউরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন হাসিনি পেরারা (০)। অপর ওপেনার ভিসমি গুনরত্নের সংগ্রহ ৩৬। তবে প্রাথমিক ধাক্কা সামলে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু (৫১) লড়াকু অর্ধশতরান উপহার দেন। নিলাক্সিকা সিলভাও ৪৮ রান করেন। এই দু’জনকে স্নেহ রানা ফেরাতেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। শেষদিকে অনুষ্কা (২৮), সুগন্ধিকারা (২৭) চেষ্টা চালালেও শ্রীলঙ্কার পক্ষে হার এড়ানো সম্ভব হয়নি।