মুল্লানপুর: অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারতের মহিলা ক্রিকেট দল। বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে হরমনপ্রীত কাউররা ১০২ রানে হারাল বিপক্ষকে। ভারতের ২৯২ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪০.৫ ওভারে থামল মাত্র ১৯০’তে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে এত বড় ব্যবধানে কখনও হারেনি অজি মহিলারা। বিশ্বচ্যাম্পিয়নরা এই প্রথম একশো বা তার বেশি রানে পরাজিত হল। ২০০৭ সালের পর দেশের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারালও ভারত। দাপটে এই জয়ের সুবাদে ওডিআই সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। ২০ তারিখ সিরিজের নির্ণায়ক ওডিআই হবে নয়াদিল্লিতে।
ভারতের জয়ের কাণ্ডারী স্মৃতি মান্ধানা। মাত্র ৯১ বলে ১১৭ করলেন বাঁ-হাতি ওপেনার। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি বাউন্ডারি ও চারটি ছক্কা। উল্লেখ্য, একদিনের ঘরানায় এটা মান্ধানার দ্বাদশ শতরান। যা আসে মাত্র ৭৭ বলে। ভারতের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। মান্ধানা ছাড়া রান পান দীপ্তি শর্মা (৪০), রিচা ঘোষ (২৯)। ক্যাপ্টেন হরমনপ্রীত করেন ১৭। ব্যর্থ হারলিন দেওলও (১০)। উল্লেখ্য, ভাইরাল জ্বরের জন্য এই সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন জেমিমা রডরিগেজ।
২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। ক্রান্তি গৌড় (৩-২৮) ও দীপ্তি শর্মা (২-২৪) বল হাতে দাগ কাটেন। ‘ম্যাচের সেরা’ স্মৃতি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের দুটো শতরান কাজে আসেনি। আমরা হেরে গিয়েছিলাম। সেজন্যই এই ম্যাচের সেঞ্চুরি এত মধুর। আমি পাওয়ারপ্লে কাজে লাগাতে চেয়েছিলাম। জায়গায় বল পেলে মেরেছি।’ ক্যাপ্টেন হরমনপ্রীতের কথায়,‘পরিকল্পনা অনুসারে খেলেছি। এভাবেই খেলে যাওয়া লক্ষ্য।’