তিরুবনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ভারতীয় মহিলা দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দু’টিতে দ্বীপরাষ্ট্রের দেশটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন হরমনপ্রীত কাউররা। শুক্রবার তিরুবনন্তপুরমে তৃতীয় টি-২০। জয়ের হ্যাটট্রিকে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য ভারতের প্রমীলা ব্রিগেডের।
সম্প্রতি দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। তারপর এটাই প্রথম সিরিজ স্মৃতি মান্ধানা-জেমাইমা রডরিগেজদের। টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারছে না শ্রীলঙ্কা। প্রথম ও দ্বিতীয় ম্যাচ যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জিতেছে ওমেন্স ইন ব্লু। ব্যাটিং, বোলিং— দুই বিভাগেই দাপট দেখিয়েছে। ব্যাটিংয়ে ওপেনার শেফালি ভার্মা দুরন্ত ফর্মে। গত ম্যাচে তাঁর ঝোড়ো ৬৯ রানের ইনিংসেই ধরাশায়ী শ্রীলঙ্কা। অপর ওপেনার স্মৃতি মান্ধানাকে অবশ্য প্রথম দু’টি ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায়নি। তারাকা ক্রিকেটার যে এখনও বিয়ে ভাঙার ধাক্কা সামলে উঠতে পারেননি, তা তাঁর পারফরম্যান্সেই প্রতিফলিত। তবে স্মৃতির মতো তারকার ব্যাট বেশিদিন শান্ত থাকবে না। তাঁর ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। জেমাইমা বিশ্বকাপ থেকেই স্বপ্নের ফর্মে। প্রথম টি-২০’তে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরও রানের মধ্যে আছেন। তাছাড়া দীপ্তি শর্মার মতো অলরাউন্ডার যে কোনও দলের সম্পদ। হাল্কা জ্বরের কারণে অবশ্য দ্বিতীয় টি-২০’তে খেলতে পারেননি তিনি। তবে শুক্রবার সম্ভবত প্রথম একাদশে দেখা যাবে দীপ্তিকে। বোলিংয়েও ভারতীয় দল খুবই শক্তিশালী। পেস বিভাগে ক্রান্তি গৌড় দারুণ ফর্মে। এছাড়া স্পিন বিভাগে ভরসা জোগাচ্ছেন শ্রী চরণী ও বৈষ্ণবী শর্মা। তবে ফিল্ডিংয়ে উন্নতির অবকাশ রয়েছে। প্রথম টি-২০’তে পাঁচটি ক্যাচ ফস্কেছিলেন স্মৃতি-রিচারা।



