Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

টানা দুর্যোগের জেরে পিছিয়ে পড়েছে মণ্ডপ তৈরির কাজ, সমস্যায় দুর্গাপূজা কমিটিগুলি

গত সপ্তাহে টানা দুর্যোগের জেরে কাকদ্বীপ এলাকায় পিছিয়ে পড়েছে মণ্ডপ তৈরির কাজ। এখনও বহু মণ্ডপে বাঁশ বাঁধার কাজ চলছে।

টানা দুর্যোগের জেরে পিছিয়ে পড়েছে মণ্ডপ তৈরির কাজ, সমস্যায় দুর্গাপূজা কমিটিগুলি
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গত সপ্তাহে টানা দুর্যোগের জেরে কাকদ্বীপ এলাকায় পিছিয়ে পড়েছে মণ্ডপ তৈরির কাজ। এখনও বহু মণ্ডপে বাঁশ বাঁধার কাজ চলছে। কাপড় কিংবা থিমের জন্য মিডিয়াম লাগানোর পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে আর মাত্র দু’সপ্তাহ পরই রয়েছে দুর্গাপূজা। ফলে এখন জোরকদমে চলছে মণ্ডপ তৈরি।

Advertisement

টানা প্রায় পাঁচ দিন বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কাকদ্বীপের বহু নির্মীয়মাণ পূজা মণ্ডপ। এই পাঁচদিন মণ্ডপ তৈরির কাজও বন্ধ রাখতে হয়েছে। ফলে এখন সমস্যায় পড়েছে পূজা কমিটিগুলি। বিশেষত নীচু জমিতে ও মাঠের মধ্যে তৈরি করা মণ্ডপগুলির চারিদিকে জল জমে গিয়েছে। তাই বাধ্য হয়েই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে বহু পূজা কমিটি এখন মাচা বেঁধে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছেন। ফলে তাঁদের পূজার বাজেটও বেড়ে গিয়েছে।
এ বিষয়ে মণ্ডপকর্মী অনির্বাণ মাইতি বলেন, গত সপ্তাহে বৃষ্টির কারণে প্রায় পাঁচদিন মণ্ডপ বাঁধা যায়নি। তখন কয়েকদিন বসে বসে কাটাতে হয়েছে। এদিকে হাতে খুব কম সময়। আর মাত্র দুই সপ্তাহের মধ্যে মণ্ডপ তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। কিন্তু থিমের মণ্ডপ তৈরি করার জন্য অনেক সময় লাগে। এখন বাধ্য হয়েই দিন রাত জেগে বেশি কর্মী দিয়ে মণ্ডপ তৈরির কাজ শেষ করতে হবে।
কাকদ্বীপ বিধান সংঘ পূজা কমিটির সম্পাদক সুশীলকুমার দাস বলেন, টানা দুর্যোগের কারণে মণ্ডপ তৈরির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। বিশেষত এই কয়েকদিন কর্মীদের মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখতে হয়েছিল। এছাড়াও নীচে জল জমে থাকার কারণে মাচা তৈরি করে মণ্ডপ তৈরি করতে হচ্ছে। যে কারণে পূজার বাজেটও অনেক বেড়ে গিয়েছে। তবে দুর্যোগ কাটতে এখন মণ্ডপ তৈরির কাজ জোরকদমে চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ