নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রভাব খাটিয়ে কৃষি সমবায় সমিতি থেকে এক কোটি টাকা ঋণ নেওয়ার মামলায় প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। এই মামলার তদন্তে বুধবার সমিতির অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কমিশন। সমবায় আইন অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ও কৃষকরাই কেবল ঋণ নিতে পারেন। অভিযোগ, হুগলির জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে প্রভাব খাটিয়ে এক কোটি টাকা ঋণ নেন প্রাক্তন মন্ত্রী। এর মধ্যে ৮৫ লক্ষ টাকা তিনি নিজের নামে নেন। বাকি টাকা এক আত্মীয়ের নামে ছিল। এই নিয়ে প্রথম অভিযোগ তোলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এরপরই এই নিয়ে তদন্ত শুরু করল দুর্নীতি কমিশন। কীভাবে এই ঋণ অনুমোদন হল, সেই সংক্রান্ত কাগজপত্র তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। পরীক্ষা করা হচ্ছে সমবায়ের অ্যাকাউন্টের নথি। যে বা যাঁরা ঋণ অনুমোদন করেছিলেন, তাঁদের ডাকা হবে বলে খবর। এই বিষয়ে স্নেহাশিসবাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ঋণের টাকা তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি সমবায়ের একজন গ্রাহক ছিলেন। সেখানকার ভিতরের বিষয় তাঁর জানার কথা নয়।



