Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টারের

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ। ওল্ড ট্রাফোর্ডে লিয়ঁর বিপক্ষে তখনও ৪-৩ গোলে (দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে) পিছিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সময় কমছে দ্রুত।

ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টারের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ। ওল্ড ট্রাফোর্ডে লিয়ঁর বিপক্ষে তখনও ৪-৩ গোলে (দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে) পিছিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সময় কমছে দ্রুত। ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। টিভি ক্যামেরার জুমে গ্যালারিতে ধরা পড়ল এক খুদে সমর্থকের মুখ। হতাশায় অঝোরে কাঁদছে সে। কিন্তু পরের কয়েক মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। লিয়ঁকে ৫-৪ গোলে বশ মানিয়ে (সব মিলিয়ে ৭-৬ ব্যবধানে) ইউরোপা লিগের শেষ চারে রুবেন আমোরিমের দল। হতাশা মুছে খুদে অনুরাগীর উৎসবের ছবি মুহূর্তে ভাইরাল। ওল্ড ট্রাফোর্ডে সাম্প্রতিককালের সেরা ছয় ছিনিয়ে নিল আমোরিম ব্রিগেড। সেমি-ফাইনালে ম্যাঞ্চেস্টারের প্রতিপক্ষ অ্যাথলেতিক ক্লাব।

Advertisement

প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচের ফল ২-২। ঘরের মাঠে উগার্তে ও ডালটের লক্ষ্যভেদে প্রথমার্ধেই ২-০ ব্যবধান গড়ে ফেলে ম্যাঞ্চেস্টার। তবে ফরাসি ক্লাব লিয়ঁ ছাড়ার পাত্র নয়। দ্বিতীয়ার্ধে মাত্র ছ’মিনিটের স্পেলে সমতায় ফেরে তারা। তোলিসো ব্যবধান কমানোর পর ২-২ করেন নিকোলাস। এরপর তোলিসো লাল কার্ড দেখায় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। তাতে অবশ্য আক্রমণের রাস্তা থেকে সরেনি লিয়ঁ। অতিরিক্ত সময়ে পরের পর নাটক। রায়ান ও লাকাজেতে জাল কাঁপানোর পর ৪-২ গোলে লিড নেয় লিয়ঁ। এই পর্বে ম্যাঞ্চেস্টারের অতি কট্টর সমর্থকও বোধহয় ভাবতে পারেননি, কামব্যাক সম্ভব। ১১৪ মিনিটে স্পটকিক কাজে লাগিয়ে লক্ষ্যভেদ ব্রুনো ফার্নান্ডেজের। এর ছ’মিনিট পর কোবি মাইনুর জাল কাঁপানোর পালা। সবাই ধরে নিয়েছিলেন ম্যাচ গড়াবে টাই-ব্রেকারে। ঠিক তখনই অতিরিক্ত সময়ের সংযোজিত মিনিটে নিখুঁত হেডে বাজিমাত ম্যাগুয়েরের। 
চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকছে ঐতিহ্যশালী ম্যান ইউ। ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিলে লিগ টেবিলে ১৪ নম্বর স্থানে রয়েছে তারা। তবে ইউরোপা লিগ দেখাল, ম্যাঞ্চেস্টার এখনও রূপকথার গল্প লিখতে জানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ