লিভারপুল- ২ : এভার্টন- ১
লিভারপুল- ২ : এভার্টন- ১
লন্ডন: প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের ধারা অব্যাহত। শনিবার ঘরের মাঠে এভার্টনকে ২-১ গোলে হারাল আর্নে স্লট-ব্রিগেড। সেই সুবাদে টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল দ্য রেডস ব্রিগেড। এদিন লিভারপুলের হয়ে স্কোরশিটে নাম তোলেন রায়ান গ্রাভেনবের্চ, হুগো একিটিকে। এভার্টনের একমাত্র গোলটি ইদ্রিসা গুয়েয়ার।
এদিকে, পরপর দু’ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে জয়ের সরণিতে ফিরেছে ম্যান সিটি। ঘরের মাঠে ম্যান ইউকে তিন গোলে হারানোর পাশাপাশি জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করে পেপ ব্রিগেড। তবে নাপোলির বিরুদ্ধে জয়ের ৭২ ঘণ্টার মধ্যেই আরও এক কঠিন লড়াইয়ে নামছে সিটিজেনরা। রবিবার অ্যাওয়ে ম্যাচে ম্যান সিটি প্রতিপক্ষ আর্সেনাল। আর এই ম্যাচের আগে ফুটবলারদের ক্লান্তিই চিন্তায় রাখছে স্প্যানিশ কোচকে। তাই ম্যাচের ২৪ ঘণ্টা আগে ছেলেদের যথাযথ বিশ্রাম দেওয়াই লক্ষ্য কোচ গুয়ার্দিওলার।
গত মরশুমে আর্সেনালের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ২-২ গোলে ড্র করেছিল ম্যান সিটি। তবে ফিরতি লেগে এমিরেটসে ১-৫ ব্যবধানে বশ মানে পেপ ব্রিগেড। দীর্ঘ কোচিং কেরিয়ার খুব কম ম্যাচেই পাঁচ গোলের লজ্জায় মুখ পুড়েছে স্প্যানিশ কোচের। তাই প্রাক্তন শিষ্য মিকেল আর্তেতার বিরুদ্ধে স্ট্র্যাটেজির লড়াইয়ে এবার শেষ হাসি হাসতে মরিয়া পেপ। তার জন্য আরও একবার গোলের জন্য সিটিজেনরা তাকিয়ে থাকবেন হালান্ডের দিকে। পক্ষান্তরে, গত কয়েক বছরের মতো এবারও লিগের শুরুটা দারুণ করেছে আর্সেনাল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে গানাররা। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের আসরে অ্যাথলেতিক ক্লাবকে ২-০ গোলে বশ মানায় তারা। তবে রবিবার লড়াইটা মোটেই সহজ হবে না তাদের জন্যে। তারউপর চোটের কারণে এই ম্যাচেও অনিশ্চিত মার্টিন ওডেগার্ড। এছাড়া গ্যাব্রিয়েল হেসাস ও কাই হাভার্টকেও পাবেন না কোচ আর্তেতা।
আজকের খেলা- আর্সেনাল বনাম ম্যান সিটি (রাত ৯টায়)
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।