নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, উরুগুয়ের পাশাপাশি পানামার মুখোমুখি হবেন গুরপ্রীত, আনোয়াররা। এই তিন মেগা ম্যাচের আগে দলের যথাযথ প্রস্তুতির জন্য দেড় সপ্তাহের প্রস্তুতি শিবির সারতে চেয়েছিলেন কোচ খালিদ জামিল। সেই মতো সোমবার বেঙ্গালুরুতে শুরু হল ক্যাম্প। তবে প্রথমদিনের প্রস্তুতিতে ২৬ জনের মধ্যে হাজির ছিলেন মাত্র ১৬ জন ফুটবলার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বর্তমানে জর্ডনে রয়েছে ইস্ট বেঙ্গল। ফলে আনোয়ার, এডমুন্ড, প্রভসুখন ও জয় গুপ্তা দেশে ফিরে শিবিরে যোগ দেবেন। এছাড়া ঘরোয়া লিগে খেতাবি দৌড়ে থাকায় মনবীর ও সাহালকে ছাড়েনি মোহন বাগান। ১৯ সেপ্টেম্বর শেষ ম্যাচের পরই তাঁদের হাতে পাবেন কোচ খালিদ। চোটের কারণে অনিরুদ্ধ থাপা নেই। তবে মোহন বাগান ডিফেন্ডার মেহতাব সিংকে এদিনই স্কোয়াডে ডেকে পাঠানো হল। বুধবার বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন তিনি। একইসঙ্গে আইএসএলের জন্য প্রস্তুতি ম্যাচ থাকায় দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার রায়ান উইলিয়ামস, আশিক কুরুনিয়ান ও রিকি মিথেইকে ছাড়েনি বেঙ্গালুরু। ফেডারেশন সূত্রে খবর, বুধবার রাতে তাঁদের যোগ দেওয়ার কথা। ফলে ১৯ সেপ্টেম্বরের আগে পুরো দল হাতে পাবেন না ভারতীয় কোচ।



