Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উলু আর শঙ্খধ্বনিতে প্রার্থীকে বরণ সেবক হিসাবে পাশে থাকার অঙ্গীকার মানবের

সোমবার বিকাল ৪টে। ভগবানপুর বিধানসভার আড়গোয়াল পঞ্চায়েতের কাখুরিয়া গ্রামের মোড়ে তখন ৫০জনের বেশি মহিলা ও পুরুষের জমায়েত।

উলু আর শঙ্খধ্বনিতে প্রার্থীকে বরণ সেবক হিসাবে পাশে থাকার অঙ্গীকার মানবের
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, ভগবানপুর: সোমবার বিকাল ৪টে। ভগবানপুর বিধানসভার আড়গোয়াল পঞ্চায়েতের কাখুরিয়া গ্রামের মোড়ে তখন ৫০জনের বেশি মহিলা ও পুরুষের জমায়েত। এই রাস্তা দিয়ে তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া ভোট প্রচারে আসবেন। তার আগে কাখুরিয়া গ্রামের গৌরী ধল, অষ্টমী গিরি, মৌসিতা দাস সহ আরও অনেকে উপস্থিত। কারও হাতে গাঁদা ফুলের পাপড়ি। কারও হাতে শঙ্খ। প্রায় ৭০টি বাইকের র‌্যালির সামনের দিকে ছিলেন মানববাবু। প্রার্থী আসতেই উলু আর শঙ্খধ্বনি। ফুলের পাপড়ি দিয়ে তৃণমূল প্রার্থীকে বরণ করলেন কাখুরিয়া গ্রামের মহিলারা। গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে বাইকের সঙ্গে বেঁধে রাখা সাউন্ড সিস্টেম থেকে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য রাখেন মানববাবু। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে তাঁকে ভগবানপুর আসন থেকে প্রতিনিধি করে পাঠানোর আবেদন জানান। নিজে সেবক হিসাবে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন। 

Advertisement

সোমবার বেলা ১১টা নাগাদ আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের কালীর বাজারে রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানববাবু। আড়গোয়াল এলাকাটি পটাশপুর থানার মধ্যে পড়ে। পাশাপাশি এটি পটাশপুর-২ব্লকের অন্তর্ভুক্ত। যদিও ভগবানপুর বিধানসভার কেন্দ্রে মধ্যে রয়েছে এলাকাটি। মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতের অধীন সাতশতমল গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল। রক্তও ঝরেছে। সোমবার সেই সাতশতমল সহ গোটা পঞ্চায়েতের ২৪টি বুথে ভোট প্রচার সারলেন মানববাবু। প্রচারে প্রায় ৭০টি বাইকে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীকে নিয়ে একটার পর একটা গ্রাম জনসংযোগ সেরেছেন। গ্রামের ঢালাই রাস্তা বরাবর দক্ষিণ সন্দলপুর, উত্তর সন্দলপুর, পানিলায়া, সাতশতমল, সিঁয়ারি, লেকুড়সনি, টনিয়াবিলা, কাখুরিয়া, মঙ্গলচক, খটিবাড়, আড়গোয়াল, জব্দা প্রভৃতি গ্রামে ভোটপ্রচার সারেন মানববাবু। প্রচার সঙ্গীদের নিয়ে প্রার্থী একেকটা গ্রামে ঢোকার মুখেই মহিলারা গাঁদা ফুলের পাপড়ি, ফুলের মালা, শঙ্খ নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রার্থীকে প্রত্যেক গ্রামে বরণ করা হয়। কাখুরিয়া গ্রামের বাসিন্দা তথা স্থানীয় রান্না স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা গৌরী ধল বলেন, এই এলাকার রাস্তাঘাট ভালো। পানীয় জলের নতুন স্কিম হচ্ছে। তাই রাজ্য সরকারের উপর এখানকার মানুষজনের আস্থা অটুট। কাখুরিয়া গ্রামের বাসিন্দা সমীর দাস বলেন, ২০২১সালে ভগবানপুর বিধানসভা এবং ২০২৪সালে কাঁথি লোকসভা আসন বিজেপি পাওয়ার কারণে কর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। তবে, এবার ভগবানপুর বিধানসভা পুনরুদ্ধার হবে বলে তৃণমূল কর্মীরা আশাবাদী। প্রচারে সেভাবে সাড়া মিলছে তাতে ভগবানপুর থেকে তৃণমূলের জয় হবে বলে আমাদের ধারণা।বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক বলেন, ২০২১সালে ভগবানপুর থেকে আমরা জয়ী হই। ২০২৪সালেও আমাদের লিড ছিল। এবারও প্রচার কর্মসূচিতে মানুষের সাড়া দেখে উপলব্ধি করছি, ভগবানপুর থেকে আমাদের জয় একশো শতাংশ নিশ্চিত। মানববাবু বলেন, কেন্দ্রীয় সরকার প্রতি ক্ষেত্রে এই রাজ্যকে বঞ্চনা করছে। তারপরও রাজ্য সরকার সাধ্য‌মতো উন্নয়ন করছে। সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ঘটনাও সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। ইভিএমে এর জবাব পাবে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ