সংবাদদাতা, করিমপুর: তৃণমূলের গোষ্ঠীর কোন্দলের জেরে করিমপুর চক্রের ১১টি উচ্চ বিদ্যালয়ে গঠিত হয়নি পরিচালন কমিটি। স্কুলগুলিতে পরিচালন কমিটির বদলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ চালাচ্ছেন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। সামনের বিধানসভা ভোটের আগে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, ২০১৪ সালে শেষবারের মতো স্কুল পরিচালন সমিতি গঠিত হয়েছিল। স্কুল পরিচালন কমিটি গড়তে বছর তিনেক আগে করিমপুরের তৃণমূলের দুই গোষ্ঠীর পক্ষ থেকে দু’টি তালিকা শিক্ষাদপ্তরে জমা পড়েছিল। দুই শিবিরের দ্বন্দ্বে সেই তালিকা কার্যকরী করা যায়নি। তার পরেও পুরনো কমিটি কাজ চালিয়ে যাচ্ছিল। ১১ বছর পর শেষ পর্যন্ত গত জানুয়ারি মাসে করিমপুর বিধানসভা এলাকার সকল স্কুল পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে নদীয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে স্কুল পরিচালন কমিটি গঠন হলেও ব্যতিক্রম ছিল করিমপুর। গত ১৭ জানুয়ারি শিক্ষাদপ্তর নির্দেশিকা জারি করে পুরনো স্কুল কমিটিগুলো ভেঙে দেয়। তারপরে গত ৪ ফেব্রুয়ারি জেলা শিক্ষাদপ্তরের নির্দেশিকায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির করিমপুর ২ ব্লক সভাপতি প্রভাস মজুমদার বলেন, প্রত্যেকটি স্কুলে পরিচালন সমিতি থাকা ভীষণ প্রয়োজন। কারণ পরিচালন সমিতির সদস্যরা স্কুলের সমস্ত কাজ দেখভাল করা কিংবা ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে মিড ডে মিলের বিষয়ে সমস্ত কিছু দেখাশোনা করে থাকেন। কমিটি না থাকায় স্কুলগুলোর অবস্থাও খুব খারাপ এবং মিড ডে মিলের খাবার বা পড়াশোনা দেখার কেউ নেই। বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য ও দাঁড়ের মাঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষ জানান, ২০১৪ সালে করিমপুর এলাকার স্কুলগুলিতে শেষবারের মতো কমিটি গঠন করা হয়েছিল। তারপর সরকারি নির্দেশিকা অনুযায়ী আশপাশের বিধানসভাগুলিতে সেই মতো কমিটি গঠন করা হলেও করিমপুরে তা হয়নি। যদিও তৃণমূলের করিমপুর ২ ব্লক সভাপতি সৌমেন বিশ্বাসের দাবি, স্কুল পরিচালন সমিতি না থাকলেও অ্যাডমিনিস্ট্রেটর প্রত্যেকটি স্কুলে নিয়মিত গিয়ে দেখভাল করছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও রকম সমস্যা হয়নি। এর মধ্যে গোষ্ঠী কোন্দলের প্রশ্নই নেই। সরকারি নির্দেশিকা অনুযায়ী সময় মতো কমিটি গঠন করা হবে। করিমপুরের ১১টি স্কুলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটের ও করিমপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমদেব মজুমদার বলেন, আগে পরিচালন সমিতি স্কুলের উন্নয়নমূলক যা যা কাজ দেখভাল করতেন, সেই সমস্ত কাজ স্কুল কাউন্সিলের মিটিংয়ে আলোচনা করে করা হচ্ছে।



