লন্ডন: প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে আর্সেনালের কাছে পরাজয়ের পর রবিবার ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করল রুবেন আমোরিমের দল। ৫৮ মিনিটে রডরিগো মুনিজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৭৩ মিনিটে এমিলে স্মিথ রোয়ের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। ম্যাচে আর গোল হয়নি। প্রথমার্ধের ৩৮ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি মিস নিয়ে সেজন্যই আক্ষেপ রয়েছে ম্যান ইউ শিবিরে।
এদিকে, প্রিমিয়ার লিগে মরশুমের শুরুটা দুরন্ত করেছে আর্সেনাল। শনিবার লিডস ইউনাইটেডকে পাঁচ গোলের মালা পরায় মিকেল আর্তেতা ব্রিগেড। দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে শীর্ষে গানাররা। তবে জয়ের দিনেও চোট-আঘাত চিন্তা বাড়াল আর্তেতার। লিডসের বিরুদ্ধে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্টিন ওডেগার্ড। এরপর দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকার হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফলে তাঁকেও সঙ্গে সঙ্গে তুলে নেন আর্সেনাল কোচ। এক ম্যাচে জোড়া চোট রীতিমতো চিন্তায় ফেলেছে গানার শিবিরকে।