Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর স্টেশনে নগদ ৩১ লক্ষ টাকা-সোনা সহ ধৃত ব্যক্তি, শুরু তদন্ত

নগদ ৩১ লক্ষ টাকা এবং বিপুল সোনাদানা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়্গপুর জিআরপি। আজ, বুধবার খড়্গপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম অনাদি বিশ্বাস।

খড়্গপুর স্টেশনে নগদ ৩১ লক্ষ টাকা-সোনা সহ ধৃত ব্যক্তি, শুরু তদন্ত
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৮
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: নগদ ৩১ লক্ষ টাকা এবং বিপুল সোনাদানা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়্গপুর জিআরপি। আজ, বুধবার খড়্গপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম অনাদি বিশ্বাস। বছর ৫৩-র ওই ব্যক্তি কলকাতার বাঁশদ্রোণির বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে খড়্গপুর জিআরপির আধিকারিকরা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ওড়িশার সম্বলপুর থেকে হাওড়া যাচ্ছিলেন। এদিন দুপুরে একটি বড় ব্যাগ নিয়ে তিনি খড়্গপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সন্দেহ হওয়ার পরই তাঁকে আটক করে ব্যাগে তল্লাশি চালানো হয়। এরপরই তাঁর ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোট উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৩১ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন জিআরপির আধিকারিকরা। এছাড়াও উদ্ধার হয় ১২২.৭৪ গ্রাম সোনা, হিরের পেনডেন্ট-সহ অন্যান্য মূল্যবান ধাতুর গহনা। এর মধ্যে ৯৮.৫৪০ গ্রাম খাঁটি সোনা রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে একটি আইফোন এবং একটি কিপ্যাড ফোনও উদ্ধার হয়। 

জিআরপি সূত্রে খবর, প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন তাঁকে কোনো এক অপরিচিত ব্যক্তি টাকার লোভ দেখিয়ে সম্বলপুরে ডেকেছিলেন। সেখানে একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁর হাতে এই ব্যাগটি তুলে দিয়েছিলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ব্যাগটি দু’মাসের জন্য অনাদিবাবুকে রাখতে বলেছিলেন তিনি। অনাদিবাবুর দাবি, এজন্য তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়। খড়্গপুর জিআরপির আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃত ব্যক্তি জেরায় একজনের কথা বলেছেন। তবে তা কতটা বিশ্বাসযোগ্য, সেটি খতিয়ে দেখা হচ্ছে।'

Advertisement
সম্পর্কিত সংবাদ