Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টটেনহ্যামের কাছে হারল ম্যান সিটি, বড় জয় চেলসির

প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের কাছে বশ মানল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড।

টটেনহ্যামের কাছে হারল ম্যান সিটি, বড় জয় চেলসির
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

ম্যান সিটি- ০               :              টটেনহ্যাম- ২
ওয়েস্টহ্যাম- ১             :                  চেলসি- ৫
আর্সেনাল-৫                :                    লিডস-০

Advertisement

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের কাছে বশ মানল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। রক্ষণ থেকে আপফ্রন্ট— সব বিভাগেই প্রতিপক্ষ টেক্কা দিল টমাস ফ্রাঙ্কের ছেলেরা। ম্যাচে টটেনহ্যামের হয়ে স্কোরশিটে নাম তোলেন ব্রেনান জনসন ও হোয়াও পালহিনহা। সেই সুবাদে প্রথম দু’টি ম্যাচ জিতে আপাতত লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে এল টটেনহ্যাম।
চলতি মরশুমে ফ্রাঙ্কের প্রশিক্ষণে শুরুটা দারুণ করে টটেনহ্যাম। উয়েফা সুপার লিগে পিএসজি’র বিরুদ্ধে একটা সময় দু’গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত টাই-ব্রেকারে খেতাব হাতছাড়া করে তারা। তবে সেই পারফরম্যান্সই বলে দিয়েছিল, চলতি মরশুমে চমক দিতে তৈরি স্পার। শনিবার অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই পরিকল্পিত ফুটবল মেলে ধরেন টটেনহ্যাম ফুটবলাররা। বল পজেশনের নিরিখে ম্যান সিটি এগিয়ে থাকলেও, প্রতি-আক্রমণাত্মক ফুটবলে চাপ বাড়ান রিচার্লিসনরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন জনসন। আর প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান পালহিনহা। দ্বিতীয়ার্ধে কোনওরকম উন্নতি দেখা যায়নি সিটির খেলায়। বরং দুর্গপ্রহরী জেমস ট্রাফোর্ড একাধিকবার নিশ্চিত পতন রোধ করায় লজ্জা বাড়েনি কোচ পেপ গুয়ার্দিওলার। 
শুক্রবার অ্যাওয়ে ম্যাচে বড় জয় পেল চেলসি। ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারাল এনজো মারেস্কার ছেলেরা। দ্য ব্লুজ ব্রিগেডের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে হোয়াও পেড্রো, পেড্রো নেতো, এনজো ফার্নান্ডেজ, কাইসেডো ও ত্রেভো চালোভা। অপর ম্যাচে ঘরের মাঠে লিডসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। জয়ী দলের হয়ে জোড়া গোল নতুন রিক্রুট ভিক্টর ও টিম্বারের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন বুকায়ো সাকা।
এদিকে, গত মরশুমটা মোটেই ভালো কাটেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। চলতি মরশুমের শুরুটাও হার দিয়ে করেছে রুবেন আমোরিমের ছেলেরা। প্রথম ম্যাচে আর্সেনালের কাছে বশ মানে রেড ডেভিলস। সেই ধাক্কা কাটিয়ে রবিবার জয়ের খোঁজে ব্রুনো ফার্নান্ডেজরা। অ্যাওয়ে ম্যাচে ফুলহ্যামের মুখোমুখি হবে তারা। দিনের অপর ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নিউকাসল।

Advertisement
সম্পর্কিত সংবাদ