লন্ডন: হেলায় লিভারপুল বধ ম্যান সিটির। রবিবার রাতে ইপিএলে পেপ গুয়ার্দিওলার দল জয়ী ৩-০ ব্যবধানে। এতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির হয়ে গোল করেন আর্লিং হাল্যান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু। জয়ের ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্টে তালিকার দু’নম্বরে উঠে এল ম্যান সিটি। অন্যদিকে, ১১ ম্যাচে ১৮ পয়েন্টে আট নম্বরে নামল লিভারপুল।
এদিকে, টানা ১০ ম্যাচে জয়ের পর অবশেষে পয়েন্ট খোয়াল আর্সেনাল। শনিবার অ্যাওয়ে ম্যাচে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজমের ফলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল মিকেল আর্তেতা ব্রিগেডকে। ২-২ গোলে শেষ হয় ম্যাচ। গানারদের দুই গোলদাতা বুকায়ো সাকা ও লিয়ান্ড্রো ত্রোসার্ড। সান্ডারল্যান্ডের গোলদাতা ড্যানিয়েল বেলার্ড ও ব্রিয়ান ব্রবি। এই ড্রয়ের পরেও ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই আর্সেনাল। অপর ম্যাচে উলভসকে ৩-০ গোলে হারাল চেলসি। গোল করেন যথাক্রমে মালো গুস্তো, হোয়াও পেড্রো ও পেড্রো নেতো। এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ২০ পয়েন্টে পৌঁছল এনজো মারেস্কার ছেলেরা। অন্যদিকে, লা লিগায় রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করল রিয়াল মাদ্রিদ।