Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দূরত্ব অনেক বেশি, হাসপাতালের পথেই মৃত্যু সাপে কাটা ব্যক্তির!

দূরত্ব বেশি হওয়ায় সময়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাতে না পারায় মৃত্যু হল সাপের ছোবল খাওয়া এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মোজাম্মেল সরকার (৫৬)।

দূরত্ব অনেক বেশি, হাসপাতালের পথেই মৃত্যু সাপে কাটা ব্যক্তির!
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: দূরত্ব বেশি হওয়ায় সময়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাতে না পারায় মৃত্যু হল সাপের ছোবল খাওয়া এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মোজাম্মেল সরকার (৫৬)। বাড়ি রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজল এলাকায়। এই মৃত্যুর পরই বাহিন এলাকায় ফের একবার স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জোরালো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর পাঁচটা নাগাদ বিছানাতে মোজাম্মেলকে বিষধর সাপ ছোবল দেয়। প্রথমে ইঁদুরের কামড় ভেবে ব্যথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পরে ঘরে সাপ দেখতে পান মোজাম্মেল। তড়িঘড়ি তাঁকে মেডিক্যালে নিয়ে আসা হয়। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসা শুরুর আগেই মোজাম্মেলের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা অজয় দাস বলেন, কুমারজল থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ১৬ কিমি। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। তার উপর বর্ষায় রাস্তা বেহাল। হাসপাতালে পৌঁছনোর আগেই মোজাম্মেল মৃত্যুর কোলে ঢলে পড়েন। 
রায়গঞ্জ মেডিক্যালের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এক ঘণ্টা সময় অনেকটায় বেশি। জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, মানুষকে সচেতন করতে হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছতে হবে। 
অজয়ের আক্ষেপ, এলাকায় স্বাস্থ্যকেন্দ্র থাকলে হয়তো এধরনের মৃত্যু এড়ানো যেত। স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ ইসলাম বলেন, এলাকায় স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধিদের বলা হয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্র হলে আমাদের সুবিধা হয়। স্থানীয়দের দাবি প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, ওই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা সম্ভব নয়। তাঁর ব্যাখ্যা, সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয়, তা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দিয়ে থাকেন। এছাড়া যেসমস্ত হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকে, সেখানেই তা দেওয়া সম্ভব।

Advertisement
সম্পর্কিত সংবাদ