


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বান্ধবীকে ধর্ষণের পর তাঁর শরীরের একাধিক জায়গায় কামড়ে ক্ষত তৈরির অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। দিনের পর দিন ওই তরুণীকে যৌন হেনস্তার পাশাপাশি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার জোর করে ধর্ষণের পর তাঁকে একাধিক জায়গায় কামড়ানো হয় বলে অভিযোগ করেছেন তরুণী। তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবক প্রিয়দর্শী রায়কে ওই রাতেই গ্রেপ্তার করেছে যাদবপুর থানা। তার বিরুদ্ধে ধর্ষণ, মারধর সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিণী একই এলাকায় থাকেন। তরুণীর সঙ্গে প্রিয়দর্শীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে প্রায়ই তরুণীর বাড়িতে আসত। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছে। তরুণীর দাবি, তাঁকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে প্রিয়দর্শী। এমনকি, ঘনিষ্ঠ দৃশ্যের সেই ছবি ক্যামেরাবন্দি করে রাখে। সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি পুলিশকে জানিয়েছেন, প্রতিবারই ঘনিষ্ঠ হওয়ার পর তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দিত সে। বৃহস্পতিবার রাতে প্রিয়দর্শী ওই তরুণীর বাড়িতে এসে তাঁর সঙ্গে ঝামেলা শুরু করে। তারপর জোর করে ধর্ষণ করার পর মারধর করে। শরীরের একাধিক জায়গায় কামড়ে দেয়। রক্তাক্ত হন তিনি। শেষমেশ তরুণী থানায় অভিযোগ করলে ধর্ষণের মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই যুবক এর আগে আরও কয়েকজন তরুণীর সঙ্গেও এমন ঘটনা ঘটিয়েছে।