নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজের টোপ দিয়ে তরুণীকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসে জোর করে বার ড্যান্সারের কাজ করানোর অভিযোগ উঠেছে। ফ্ল্যাটে আটকে রেখে তাঁকে দিয়ে বার ড্যান্সারের কাজ করানো হচ্ছিল বলে জানা গিয়েছে। ওই তরুণী কোনোক্রমে পালিয়ে এসে তিলজলা থানায় অভিযোগ করলে পুলিশ দিল্লির বাসিন্দা অভিযুক্ত রাজেন যাদবকে সোমবার গ্রেপ্তার করেছে। তার সঙ্গে নারী পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী কাজের খোঁজ করছিলেন। সোশ্যাল মিডিয়ার সূত্রে তাঁর সঙ্গে এক তরুণের পরিচয় হয়। অভিযুক্ত জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ চলছে। সে এমন কয়েকটি সংস্থায় বেকার তরুণ-তরুণীদের কাজ পাইয়ে দিয়েছে। যুবকটি তরুণীকে বলে, কলকাতার একটি সংস্থা বিভিন্ন পদে লোক নেবে। তিনি রাজি থাকলে সে কথা বলতে পারে। তরুণী এই প্রস্তাবে রাজি হন। দিন কুড়ি আগে তাঁকে কলকাতায় আসতে বলা হয়। ওই যুবক তাঁকে তিলজলা এলাকায় একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে। অভিযোগ, এরপর ওই তরুণীকে পানশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে বার ড্যান্সারের কাজে নামানো হয়। তরুণী এই কাজে রাজি ছিলেন না। এমনকি, তাঁকে দেহ ব্যবসায় নামার জন্যও চাপ দেয় দিল্লিবাসী ওই তরুণ। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ফ্ল্যাটে জোর করে আটকে রাখা হলেও ফাঁকতালে বেরিয়ে এসে তরুণী সোমবার তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত রাজেনকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, সে বিভিন্ন তরুণীর সঙ্গে বন্ধুত্ব করার পর কাজের টোপ দিয়ে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে নিয়ে যেত। এরপর তাঁদের বার ড্যান্সারের কাজ করানো হত।
সূত্রের খবর, কলকাতার বিভিন্ন পানশালায় বার ড্যান্সারের জোগান দেয় যে দালালরা, তাদের সঙ্গে অভিযুক্তের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এর আড়ালে সে নারী পাচারের ব্যবসা করছিল কি না, তাও জানার চেষ্টা করছেন তাঁরা।



