নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দাদার বন্ধুর সঙ্গে প্রেম। সেই সম্পর্কের সূত্র ধরে অনুমতি ছাড়াই ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো তুলেছিল প্রেমিক। পরে দাদার সঙ্গে যোগসাজশ করে সেই ভিডিয়ো নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল। ওই তরুণী এ ব্যাপারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে ডিজিটাল তথ্যও পায় পুলিশ। তারপরই সোমবার রাতে তরুণীর দাদা এবং প্রেমিককে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম চন্দন রায় এবং গোবিন্দ অধিকারী। চন্দনকে নিউটাউন থানা এলাকা থেকে এবং গোবিন্দকে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দাদা চন্দনের বন্ধু গোবিন্দ। গত চারবছর ধরে গোবিন্দের সঙ্গে অভিযোগকারিণী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর সম্মতি ছাড়াই গোবিন্দ তাঁর ব্যক্তিগত ভিডিয়ো রেকর্ড করে রেখেছিল। তরুণী পুলিশের কাছে অভিযোগ করে জানিয়েছেন, পরে গোবিন্দ নাকি তাঁর দাদা চন্দনের যোগসাজশ করে তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। বিভিন্ন শর্ত চাপিয়ে তাঁর উপর চাপ তৈরি করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগকারিণী আরও জানিয়েছেন, চন্দন ওই ভিডিয়োটি তাঁর বড়ো বোনের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিয়েছিল। সেই স্ক্রিনশটও থানায় দেওয়া হয়। এরপরই গত ১১ এপ্রিল ওই তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



