Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপিকে ঠেকাতে দরকারে আগেরদিন রান্না করে রাখবেন, মহিলাদের সতর্ক থাকার বার্তা মমতার

ভোটের দিন মা-বোনেদের রান্নাবান্নার কাজে সময় নষ্ট না করে বুথ পাহারা দেওয়া এবং ভোট দেওয়ার উপর জোর দিতে ওইদিন ‘পান্তাভাত’ খাওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে ঠেকাতে দরকারে আগেরদিন রান্না করে রাখবেন, মহিলাদের সতর্ক থাকার বার্তা মমতার
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বলরাম দত্তবণিক, মুরারই: ভোটের দিন মা-বোনেদের রান্নাবান্নার কাজে সময় নষ্ট না করে বুথ পাহারা দেওয়া এবং ভোট দেওয়ার উপর জোর দিতে ওইদিন ‘পান্তাভাত’ খাওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুরারইয়ের রাজগ্রামে নির্বাচনি সভা থেকে তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে যুদ্ধ জয় করতে হবে। মা-বোনেরা ভোট ও গণনার দিন দরকার হলে রান্না করবেন না। আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন। পান্তাভাত খান। বিজেপিকে শায়েস্তা করতে হবে। ভাইরা আপনাদের পাশে থাকবে। তৃণমূল ছাড়া একটি ভোটও যেন অন্য কোথাও না যায়। এই ভুল করবেন না।’ 

Advertisement

মুরারই বিধানসভার প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে এদিন তৃণমূল সুপ্রিমোর সভায় হাজার হাজার মহিলা শামিল হন। তাঁদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কের একটি বড় স্তম্ভই হল নারীশক্তি। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ১২টায় সভা শুরুর কথা ঘোষণা করা হয়েছিল। তীব্র রোদ উপেক্ষা করে তার অনেক আগে থেকেই কাতারে কাতারে মানুষ সভাস্থলে ভিড় জমান। হাজার হাজার মহিলা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তাঁদের কারও কারও কোলে শিশু সন্তান ছিল। দুপুর ২টো ১৫মিনিটে ‘দিদি’ সভায় আসেন। অনেকে তাঁকে একবার ছুঁয়ে দেখার বা তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেন। তাঁর সভা শেষ না হওয়া পর্যন্ত মানুষ ঠায় বসে থাকেন। অনেকেই বলছেন, এটা তৃণমূল নেত্রীর প্রতি সাধারণ মানুষের আবেগ এবং তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।
এবার ভোটের লড়াইকে ‘যুদ্ধ’ হিসেবে দেখছেন মমতা। বিজেপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য মা-বোন ও ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, ‘আমরা সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চালাব। যুবসাথীতে যাঁরা আবেদন করেছেন তাঁরা সবাই টাকা পাবেন। সেই প্রক্রিয়া চলছে। তাঁদের চাকরির সন্ধান আমরা করে দেব। সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দেব। সবার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। কৃষকদের সেচের কাজে বিদ্যুতের বিলে দু’হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে। সেই টাকা আপনাদের দিতে হবে না। আমরা চাই সব ধর্মের মানুষ একসঙ্গে থাকুক।
এই জেলায় পাঁচটি সতীপীঠের উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে ইমামদের ভাতা সহ ১০৫টি প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, অনেক কাজ হয়েছে, আগামীদিনও হবে। আজকের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। এবার বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হটাব। এটা আমাদের অঙ্গীকার, শপথ। মনে রাখরেন, দুঃখে সুখে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। এই লড়াইয়ে আপনাদেরও পাশে চাইছি। 
এদিন মমতা যখন বুথ পাহারার জন্য মহিলাদের আগেরদিন রান্না বা পান্তাভাত খাওয়ার পরামর্শ দিচ্ছেন, তখন মহিলারা দিদির নামে জয়ধ্বনি দেন। জয় বাংলা স্লোগানে সভাস্থল ভরিয়ে তোলেন। দিদি নির্দেশ দেন, ভোটের দিন পুরুষদের পাশাপাশি মহিলারাও যেন বুথ পাহারা দেন। বিজেপির মোকাবিলায় মহিলারা যেন ‘ঢাল’ হিসেবে কাজ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ