Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতা আর ফিরবেন না: শুভেন্দু, সাসপেন্ড কুণাল, বের করে দেওয়া হল অধিবেশন কক্ষ থেকে

শুভেন্দু অধিকারী বিধানসভায় মমতাকে আক্রমণ করে বলেন, তিনি আর ক্ষমতায় ফিরবেন না। কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

মমতা আর ফিরবেন না: শুভেন্দু, সাসপেন্ড কুণাল, বের করে দেওয়া হল অধিবেশন কক্ষ থেকে
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশে জুলাইয়ের সভার আফটার এফেক্ট! কালীঘাট তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার একুশে জুলাইয়ের সভায় সাধারণ মানুষের উপস্থিতি দেখে টগবগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির। তাদের অবশ্য দাবি, প্রায় লক্ষাধিক জনসমাগম হয়েছিল তাদের কর্মসূচিতে। এই প্রেক্ষাপটেই বুধবার বিধানসভার অধিবেশনে একুশে জুলাইয়ের সভার প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেও। তিনি বলেন, বিরোধীদের ঝগড়া মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী বা সরকার নিতে পারবে না। আমার কাছে পুলিশ যা রিপোর্ট দিয়েছে, তাতে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে সম্মিলিয়ে চার-পাচ হাজার লোক হতে পারে। কিন্তু আমি একটা ব্লকে কর্মসূচি করলে ওর থেকেই অনেক বেশি লোক হয়।

Advertisement

ঠিক এর পরই ২১ জুলাইয়ের জনসভায় মমতা ও অভিষেক কী কী বক্তব্য রেখেছেন, সেই প্রসঙ্গ তুলে ধরে পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী। মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু সরাসরি বলেন, আপনি কোনোদিন আর ক্ষমতায় ফিরতে পারবেন না। আপনাকে ক্ষমতায় ফিরতে দেব না। আর আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। জোড়া ফুল প্রতীক থাকবে কি না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। যদি না থাকে তখন সরষে ফুল আঁকতে হতে পারে আপনাকে। আর চপ খেতে খেতে আপনি শুধু ফেসবুক করেই যাবেন! মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড, নিজের বুথে হেরেছেন, পাশের বাড়ির লোক ওঁনাকে ভোট দেয়নি। পাশাপাশি শুভেন্দুর আরও মন্তব্য,মমতা বন্দ্যোপাধ্যায় দেখে গিয়েছেন ওঁনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছি। এরপর ওঁনাকে প্রতিষ্ঠিত চোর বলে প্রমাণ করব।
অন্যদিকে অভিষেককে ‘ছোঁড়া’ বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই ছেলেটি ডিজে বাজিয়ে দেবে বলেছিল। বাংলার লোকেরাই ওকে বুঝিয়ে দিয়েছে কি হতে পারে? ওই ছোঁড়া একটা প্রতিষ্ঠিত চোর। ও ভিতরে থাকবে না বাইরে থাকবে, তা ভবিষ্যৎ বলবে। প্রসঙ্গত একুশের সভায় অভিষেক কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন আপনাদের উপর যত অত্যাচার হচ্ছে নোটবুকে লিখে রাখুন, পরে সব হিসেব হবে। তার জবাবে শুভেন্দু বলেন, তুমি বাইরে থাকলে তবে তো হিসেব হবে!‘চ্যাম্পিয়ন এমপি’ বলে কটাক্ষ করে শুভেন্দুর চ্যালেঞ্জ, পরের লোকসভা নির্বাচনের ডায়মন্ডহারবারে লড়াই করুন। আগের নির্বাচনে যত ভোটে জিতেছেন, তত ভোটে হারাব। পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে আপনার।তবে ডিম ছোড়াকে যে তিনি সমর্থন করেন না, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বাংলার সংস্কৃতি নয় বলে মন্তব্য তাঁর। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, চোর তৃণমূলকে ধরা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সিপিএমও ছাড় পাবে না।
অন্যদিকে এদিন স্বরাষ্ট্র দপ্তরের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান। তিনি যখন বলতে ওঠেন তখনই তার সামনে এসে বাঁধা দেন মমতা পন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কালীঘাট এবং ঋতব্রত তৃণমূল শিবিরের মধ্যে কার্যত হাতাহাতি পরিস্থিতি বেঁধে যায়। ঘটনার আকস্মিকতা বুঝে কুণালকে মার্শাল ডেকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন অধ্যক্ষ। এদিনের জন্য সাসপেন্ড করা হয় তাঁকে। কুণালের অভিযোগ,বক্তা তালিকা থেকে বারবার তাঁর নাম কেটে দেওয়া হচ্ছে। যে প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুণাল ঘোষের কণ্ঠরোধের চেষ্টা বর্বররচিত আচরণ। তীব্র নিন্দা জানাচ্ছি।  কুণাল ঘোষকে বের করতে দিচ্ছেন বিধানসভার মার্শালরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ