নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মুর্শিদাবাদ এবং মালদহের পর আগামী সপ্তাহে কোচবিহারে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ ডিসেম্বর, মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা রয়েছে তাঁর। রবিবার জেলা নেতৃত্ব তৃণমূল সুপ্রিমোর এই সভার কথা ঘোষণা করে। এসআইআর আবহে সীমান্তবর্তী এই জেলার জনসভা থেকে দলীয় কর্মীদের নেত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে জেলা তৃণমূল। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ এবং মালদহে দু’টি সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে ময়দানে নামছে জেলা তৃণমূল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক রবিবার জানিয়েছেন, ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর জনসভা হবে ঐতিহাসিক। সেই সভাকে সফল করতে আজ, সোমবার সকাল ১১টায় জেলা তৃণমূল পার্টি অফিসে ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। কাল, মঙ্গলবার বিকেল পাঁচটায় রবীন্দ্রভবনে দলের জেলাস্তরের প্রস্তুতি সভা। সেখানে থাকবেন জেলার মন্ত্রী, প্রাক্তন ও বর্তমান বিধায়ক, সাংসদ, দলের জেলা কমিটির সব সদস্য, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, শাখা সংগঠনের শুধুমাত্র জেলা ও ব্লক সভাপতিরা। সেইসঙ্গে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলার, ওয়ার্ড সভাপতিদেরও ডাকা হয়েছে।
সম্প্রতি কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। যা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। কয়েকটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যরা পদত্যাগ করলেও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ইস্তফা দেননি এখনও।