Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ভাষা আন্দোলনের মিছিলে থাকবেন মমতা

জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৮ তারিখ তিনি বোলপুরে পৌঁছবেন। ওইদিনই জেলা পুলিস ও প্রশাসনের আমলাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন।

বীরভূমে ভাষা আন্দোলনের মিছিলে থাকবেন মমতা
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৮ তারিখ তিনি বোলপুরে পৌঁছবেন। ওইদিনই জেলা পুলিস ও প্রশাসনের আমলাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরাও থাকবেন। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বৈঠক হবে। ওইদিনই জেলার নেতাকর্মীদের নিয়ে বোলপুর শহরে ভাষা আন্দোলনের প্রথম মিছিলে তিনি হাঁটবেন। সেইসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথাও রয়েছে। স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের অন্দরমহলে তৎপরতা শুরু হয়েছে। কারণ হাতে খুব একটা সময় নেই। এই পরিস্থিতিতে বুধবার বোলপুরের রাঙাবিতানে জেলা পুলিস ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে জেলাশাসক বিধান রায় প্রস্তুতি বৈঠক সারলেন। দীর্ঘ বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এক আধিকারিক বলেন, এদিন প্রাথমিক আলোচনা হয়েছে। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে। ইলামবাজারে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে এখনও জায়গা চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখ বোলপুরে পৌঁছেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। পরবর্তীতে তিনি বোলপুরে একটি পদযাত্রায় যোগ দেবেন। পদযাত্রা শেষে বোলপুর শহরে একটি পথসভা করার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি রাঙাবিতান গেস্ট হাউসে পৌঁছে যাবেন। সেখানেই রাত্রিবাস করবেন। পরদিন সকালে ইলামবাজারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে ইলামবাজারে অজয় নদের উপর নবনির্মিত সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার উন্নয়নে বেশকিছু নতুন প্রকল্পের শিলান্যাসও করতে পারেন। তবে ইলামবাজারের সঠিক কোথায় সরকারি মঞ্চ তৈরি হবে তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে একাধিক জায়গা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। অতিদ্রুত পরিদর্শন শেষে নির্দিষ্ট জায়গা চূড়ান্ত করা হবে। 

Advertisement

জেলার মহম্মদবাজার ব্লকে দেউচা পাচামিতে এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুতগতিতে এগচ্ছে কাজ। ইতিমধ্যে কয়লার উপরিভাগে থাকা ব্যাসল্ট শিলা উত্তোলনের কাজও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই প্রকল্পের কাজের সূচনা হয়েছিল। ইতিমধ্যে ওই খনি প্রকল্পের হাত ধরে জেলায় নতুন করে একাধিক কর্মসংস্থান হয়েছে। উল্লেখ্য, খনি প্রকল্পের কাজ শুরু হওয়ার পর এই প্রথম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। জেলার সার্বিক উন্নয়নে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলাবাসী।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ