নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, মঙ্গলবার আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা থেকে সড়কপথে আসতে পারেন। আরামবাগ হয়ে কামারপুকুর এলাকায় যেতে পারেন। সেইজন্য তাঁর যাত্রাপথ সেজে উঠছে। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড বসানো হচ্ছে রাস্তার পাশে। ঠাকুর রামকৃষ্ণদেবের পুণ্য ভূমি কামারপুকুরে তাঁকে স্বাগত জানিয়ে সেইসব ছবি দেওয়া পোস্টার দেওয়া হয়েছে। তাঁর সফর ঘিরে সোমবারও প্রশাসনিক তৎপরতা দেখা যায়। নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় পুলিস মোতায়েন থাকতেও দেখা যায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁর যাত্রাপথের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়ে থাকবেন বলে খবর।
এছাড়া বিভিন্ন প্রকল্পে সুবিধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে নানা প্ল্যাকার্ডও রাখবেন কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রী কামারপুকুর হয়ে ঘাটাল যেতে পারেন। সেইজন্য দলীয়স্তরেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাছাড়া প্রশাসনিকভাবেও একাধিক বৈঠক হয়েছে। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর যাত্রা পথে আমাদের জন প্রতিনিধিরা রাস্তার ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ডও রাখবেন হাতে। সেই জন্য পুরশুড়া, আরামবাগ ও গোঘাটে আমরা বৈঠক করেছি।
জানা গিয়েছে, গত বছর বন্যা পরিস্থিতির সময় মুখ্যমন্ত্রী আরামবাগ হয়ে ঘাটালে যান। সড়ক পথে তিনি সেবারই তিনি শেষ এসেছিলেন। ফের তিনি আরামবাগে আসতে চলেছেন। তাই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। প্রশাসনের তরফেও চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে স্বাগত জানাতে তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে কর্মী-সমর্থকরা দলীয় পতাকা তৈরি করেন। গোঘাটের রাস্তায় রাত পর্যন্ত রাস্তার পাশে সেগুলি লাগানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গোঘাটের এক তৃণমূল নেতা বলেন, কামারপুকুর চটি এলাকাতেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনিক নির্দেশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমরা দলীয়ভাবে নেত্রীকে স্বাগত জানাব। গ্রামাঞ্চলের কর্মীরা আসতে চাইছেন। তার প্রস্তুতিও সেরে রাখছি।
আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিছন্ন করার কাজ চলছে। একইসঙ্গে রাস্তার বেহাল অংশও মেরামতি করছে পূর্তদপ্তর। যদিও সোমবার দুপুরের পর কয়েক দফায় ভারী বৃষ্টি হয়। তার জেরে রাস্তার কিছু অংশ ফের বেহাল হয়ে জল জমে গিয়েছে।