সুব্রত ধর, শিলিগুড়ি: মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে সোনার মেয়ে স্বপ্না বর্মনকে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি স্বপ্নার সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। এনিয়ে আপ্লুত সোনার মেয়ে। একইসঙ্গে এদিনের মঞ্চে ছিলেন আরএক ‘রিলস স্টার’ রোমারেশমি এক্কা। তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি। এঁদের মধ্যে প্রথমজন রাজবংশী, দ্বিতীয়জন আদিবাসী। বিধানসভা ভোটের মুখে তাঁদের ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। জলপাইগুড়ি জেলার পাহাড়পুর পূর্ব ডিমাপাড়ার মেয়ে স্বপ্না। উত্তরবঙ্গ তো বটেই, দেশের অ্যাথলিটদের মধ্যে অন্যতম। এশিয়াডে তিনি স্বর্ণপদক পেয়েছেন। রাজ্য সরকার তাঁকে খেলাশ্রী এবং কেন্দ্রীয় সরকার অর্জুন পুরষ্কার দিয়েছে। সাত বছর ধরে রেলে চাকরি করছেন। এদিন মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন স্বপ্না। তাঁকে মঞ্চে ডেকে নেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি হাজির অতিথিদের সঙ্গে স্বপ্নার পরিচয় করিয়ে দেন। পরে স্বপ্না বলেন, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অ্যাথলিটদের জন্য লড়াই করছি। এজন্য আমাকে উৎসাহিত করেছেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দিদি আমাকে খুব স্নেহ করেন। কিছুক্ষণ কথাও বলেছেন। আমি আপ্লুত।



