নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের আগে ইডি রেডের পাশাপাশি বুধবার এসআইআর ইস্যুতেও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেন, জয় গোস্বামী, অভিনেতা দেবের মতো ব্যক্তিদের নোটিস পাঠানোর বিরুদ্ধে সরব হন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘সকলের নাম বাদ দিয়ে বিজেপিকে জেতাবেন? যাঁরা বিজেপির সমর্থক আছেন তাঁদেরও বলব, এবার আপনারা বিজেপিকে ভোট দেবেন না। ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, আপনাদেরও বিক্রি করে দেবে।’ বিয়ের পরে পদবি বদলের জন্য মহিলাদের শুনানিতে ডেকে হয়রানির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অভিযোগেও এদিন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা।
এই অনুষ্ঠান থেকেই ১ কোটি ১০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকবন্ধু প্রকল্পের অনুদান পাঠালেন মুখ্যমন্ত্রী। এক যোগে অনুদান বাবদ মোট ৩,০৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে রাজ্যের তরফে। এছাড়াও, বেঙ্গল ওলিম্পিক অ্যাসোসিয়েশনের ২৯টি ক্রীড়া সংস্থাকে ১ কোটি ১৩ লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে না পারা নিয়েও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উদ্দেশেও কটাক্ষ ছুড়ে দেন তিনি।
গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্রীয় অনুমোদন ও জাতীয় মেলার স্বীকৃতি না দেওয়ায় মোদি সরকারকে এদিন তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে সম্পূর্ণ রাজ্যের খরচে মেলা তো বটেই এবার গঙ্গাসাগর সেতুও তৈরি হচ্ছে বলে তিনি জানান। এই ট্রানজিট ক্যাম্পে আগুন জ্বালানোর ফলে যাতে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সে বিষয়েও সতর্ক করেন মমতা।