সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রার্থী ঘোষণার অপেক্ষায় না থেকে মালদহ বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। ‘পদ নয় পতাকা, সব কেন্দ্রেই মমতা’, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, দেওয়ালে এমন শব্দবন্ধ লিখে পুরাতন মালদহ পুরসভায় জোর প্রচার শুরু করেছে শাসক দল।
সম্প্রতি, পুর এলাকায় দেওয়াল দখল শুরু করে বিজেপি। তাই দেরি না করে ময়দানে নেমেছে তৃণমূলও। এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই শুরু হয়েছে প্রচার।
আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা পুরাতন মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার বলেন, তৃণমূল পরিচালিত পুরসভার উদ্যোগে পাড়ায় সমাধান, পথশ্রী সহ বিভিন্ন ফান্ড থেকে কয়েক বছরে একাধিক রাস্তা, নিকাশিনালা করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কয়েক কোটি বরাদ্দে দেড় কিলোমিটার নিকাশিনালাও করেছি। সব উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাই আমাদের সব কেন্দ্রে প্রার্থী তিনিই।
জানুয়ারিতে পুরাতন মালদহ শহরে প্রথম দেওয়াল লিখন করে বিজেপি। উন্নয়নের আলো ছড়িয়ে মালদহ বিধানসভা কেন্দ্র বিজেপিমুক্ত করতে মাঠে নামে তৃণমূলও। শহর তৃণমূলের উদ্যোগে দেওয়াল দখল, লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র দেখিয়ে প্রচার শুরু হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এবারের ভোটে উন্নয়নই আমাদের প্রধান অস্ত্র। এক একটি ওয়ার্ডে যে উন্নয়ন আমরা করেছি, তার বিন্দুমাত্র বিজেপির জনপ্রতিনিধিরা করতে ব্যর্থ।
বিজেপির বিধায়ক গোপাল সাহা বলেন, পুরসভা তৃণমূলের দখলে থাকলেও কোনো উন্নয়ন করতে পারেনি। মানুষের দাবি মেনে বিধায়ক তহবিল থেকেই শহরে কাজ হয়েছে।