বহরমপুর, ১২ ডিসেম্বর: মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হয়েছে। গড়ে উঠছে পঞ্চম ইউনিট। প্রকল্পটি রূপায়িত হলে সাগরদিঘি হবে রাজ্যের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। সেইসঙ্গে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আজ, বহরমপুর স্টেডিয়ামে বিশাল জনসভা থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে একযোগে নির্বাচন কমিশন ও কেন্দ্রের সরকারকে নিশানা করেন মমতা। বলেন, ‘সাধারণ মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ আবার বলছে, সংখ্যালঘুরা কেন ভোট দেবে? সব নথি ওদের আছে। তাহলে ওরা কেন ভোট দেবেনা?’
অসম এবং ত্রিপুরার মতো ডাবল ইঞ্জিন রাজ্যে এসআইআর নয় কেন? সেই প্রশ্নও তোলেন এদিন মমতা। সেইসঙ্গে আরও একবার স্পষ্ট করে দেন যে, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারের নামে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। এতে কান না দেওয়ার জন্য সবার কাছে আবেদন করেন তিনি।