মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মঙ্গলবার বিকেলে ঘটা করে মালদহ জেলার ইংলিশবাজার ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের মুসলিমপুরে ৩ কিমি রাস্তার শিলান্যাস হলে। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সানাউল, জেলার বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যরা। জেলা পরিষদের সভাধিপতি বলেন, ওই এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। যোগাযোগের রাস্তা ছিল না। সেজন্য ৫০ জন স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে রাস্তার জন্য নিজেদের জায়গা দান করেছেন। ওই জায়গার উপরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের তরফে দেড় কোটি টাকা অর্থ ব্যয় করে রাস্তা তৈরি হবে। এদিন তারই শিলান্যাস করা হল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের মুসলিমপুর একেবারেই সীমান্ত ঘেঁষা এলাকা। সেখানকার মানুষ দিনভর বিএসএফের অধীনে থাকা সীমান্ত এলাকা দিয়ে যাতায়াত করে। শুধু তাই নয়, বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিরাপত্তার কারণে চলাফেরার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ জারি থাকে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ওই এলাকায় কারও বিয়ের প্রস্তাব এলে সেগুলি ভেঙে যেত। এনিয়েও ভোগান্তির অন্ত ছিল না মানুষের। দীর্ঘ বছর ধরে বিকল্প রুট দিয়ে রাস্তার দাবি ছিল স্থানীয়দের। অতীতে ওই এলাকা পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি। মানুষ তাঁর কাছে রাস্তার দাবি তুলে ধরেছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে এদিন ওই রাস্তার বাস্তবায়নের রূপ পায়।
যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সানাউল বলেন, অনেক বড় কাজের সূচনা হল। দীর্ঘ কয়েক বছরের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং জেলা পরিষদের সভাধিপতিকে অনেক ধন্যবাদ জানাই। স্থানীয় বাসিন্দা মহম্মদ সিকান্দার শেখ বলেন, বিশেষ করে কৃষকদের অনেক সুবিধা হবে। তাঁরা নিজেদের উৎপাদিত পণ্য সহজেই গ্রামে নিয়ে যেতে পারবেন। আমরা খুব খুশি। নিজস্ব চিত্র