Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গরমে হাঁসফাঁস মালদহ, দায়ী বিপুল জলীয় বাষ্প, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা

জ্যৈষ্ঠের শেষ প্রহরে তীব্র গরম নাস্তানাবুদ করে ছাড়ছে মালদহের মানুষকে। বেলা যত বাড়ছে, প্রবল গরমে বেড়েছে অস্বস্তি।

গরমে হাঁসফাঁস মালদহ, দায়ী বিপুল জলীয় বাষ্প, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: জ্যৈষ্ঠের শেষ প্রহরে তীব্র গরম নাস্তানাবুদ করে ছাড়ছে মালদহের মানুষকে। বেলা যত বাড়ছে, প্রবল গরমে বেড়েছে অস্বস্তি। গরমের ছুটির পরে স্কুল খুলে গিয়েছে। কিন্তু অনেক পড়ুয়া এখনও স্কুলমুখী হতে চাইছে না। যারা স্কুলে আসছে, তাদেরও কেউ কেউ প্রবল শারীরিক অস্বস্তিতে শিক্ষক, শিক্ষিকাদের অনুমতি নিয়ে বাড়ি ফিরে গিয়েছে ক্লাস শেষ হওয়ার আগেই। বাধ্য না হলে রাস্তায় কেউ বের হচ্ছেন না। 

Advertisement

তবে আবহাওয়া দপ্তরের বক্তব্য, বাতাসে জলীয় বাষ্পের বিপুল উপস্থিতির কারণেই এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। 
তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। সম্ভাবনা সত্যি হলে গরমের দাপট থেকে অন্তত খানিকটা নিষ্কৃতি মিলবে বলে আশাবাদী সব মহল।
মালদহ জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপনকুমার দাস বলেন, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস অবশ্য স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি বেশি। 
তবে এই দমবন্ধ করা গরমের সবচেয়ে বড় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়া। তপনবাবু বলেন, এই মুহূর্তে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশেরও বেশি। ফলে অস্বস্তির তীব্রতাও বাড়ছে। তিনি বলেন, শুক্রবার থেকে দিনচারেক বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হলে বেশ খানিকটা রেহাই মিলবে এই তীব্র গরমের হাত থেকে।  শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর দিনাজপুরেও। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, গৌড়বঙ্গের জেলাগুলির মধ্যে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ বঙ্গোপসাগর থেকে আবার জলীয় বাষ্প প্রবেশ শুরু হয়েছে উত্তরবঙ্গের বায়ুমণ্ডলে। এর ফলে ঝড়বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি। যা মালদহ ও বালুরঘাটের তুলনায় অনেকটাই বেশি।  তীব্র গরমে ক্ষণিকের বিশ্রাম। ইংলিশবাজারে তোলা নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ