Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মালদহের প্রাথমিক শিক্ষা দপ্তর

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন।

বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মালদহের প্রাথমিক শিক্ষা দপ্তর
  • ২৩ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন। এদিন শিক্ষা দপ্তরের কর্মীদের তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তবে সামান্য কয়েকটি ফাইলের কভারে আগুন ধরতে শুরু করলেও কোনও নথি নষ্ট হয়নি। 

Advertisement

ইংলিশবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি ভবনে রয়েছে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। একই ভবনে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন এবং বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর অফিসও রয়েছে। আজ বিকেলে একজন সহকারী বিদ্যালয় পরিদর্শকের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

বাসন্তী বর্মন বলেন, এদিন বিকেলে একজন গ্রুপ-ডি কর্মী এক সহকারী বিদ্যালয় পরিদর্শকের ঘরে একটি ফাইল দিতে ঢোকেন। ঘরে ঢুকেই ওই ঘরের এসি মেশিনের এমসিপি দাউদাউ করে জ্বলতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই সেখানকার কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন। 

এই অগ্নিকাণ্ডের ফলে সামান্য ক্ষয়ক্ষতি হলেও শিক্ষা দপ্তরের নথিপত্র নষ্ট হয়নি বলেই জানান প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন। তিনি আরও বলেন, যেখানে আগুন লেগেছিল তার ঠিক নীচেই একটি কাঠের চেয়ারে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল। চেয়ারের একটি হাতলেও আগুন লেগেছিল। তবে কোনও নথি নষ্ট হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ