Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় সাবেকি খাবারে ঝুঁকছে মালদহ, তৈরি হচ্ছে রেস্তরাঁগুলিও

সারা বছর মোমো, পাস্তা, বিরিয়ানি সহ বিভিন্ন মোগলাই কিংবা কন্টিনেন্টাল খাবারে রসনা তৃপ্তি করা মালদহের অনেক বাসিন্দাই পুজোতে ঝুঁকছেন সাবেকি বাঙালি খাবারের দিকে।

পুজোয় সাবেকি খাবারে ঝুঁকছে মালদহ, তৈরি হচ্ছে রেস্তরাঁগুলিও
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌম্য দে সরকার, মালদহ: সারা বছর মোমো, পাস্তা, বিরিয়ানি সহ বিভিন্ন মোগলাই কিংবা কন্টিনেন্টাল খাবারে রসনা তৃপ্তি করা মালদহের অনেক বাসিন্দাই পুজোতে ঝুঁকছেন সাবেকি বাঙালি খাবারের দিকে। অন্তত এমনই জানা গিয়েছে মালদহের ছোটবড় রেস্তরাঁগুলি থেকে। ফলে পুজোর বিশেষ মেনুতে তাঁরা রাখছেন বেশ কিছু খাবার যেসবের এক চিরন্তন আবেদন রয়েছে বাঙালির চিরাচরিত রসনায়। অনেক রেস্তরাঁতেই তাই পুজোর বিশেষ মেনুতে থাকছে শুক্তো, বাসন্তী পোলাও, লাউ চিংড়ি, মোচা চিংড়ি, কচি পাঁঠার ঝোল এবং ইলিশের রকমারি পদ। 

Advertisement

পুজোর দিনগুলিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফিরতে শুরু করেছেন মালদহের অনেক বাসিন্দা। জাপান থেকে দীর্ঘদিন পরে নিজের বাড়ি মালদহে এসেছেন পেশায় বিজ্ঞানী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। চেন্নাইয়ে চাকুরিরত এক প্রখ্যাত বিদেশি ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক সুপ্রতিম গুহ প্রায় ছয় বছর পরে পুজোর ছুটিতে মালদহে আসার ফুরসত পেয়েছেন। তাঁরা দু’জনেই জানান পুজো মানে যেমন মাতৃবন্দনা, অঞ্জলি তেমনই পুজোর দিনগুলিতে বন্ধুবান্ধবদের সঙ্গে লাগাতার আড্ডা আর নিখাদ বাঙালি পদ দিয়ে ভূড়িভোজ আবশ্যিক। সুপ্রতিম জানান, দক্ষিণ ভারতে দীর্ঘদিন থাকার কারণে ইডলি, দোসা সহ বিভিন্ন দক্ষিণী খাবারেই রোজ খিদে মেটাই। পুজোতে তাই ছোটবেলার শুক্তো, পাঁচমিশালি তরকারি, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক খেতে চাই। বাড়িতে মায়ের বয়স হয়েছে। তিনি রাঁধতে পারবেন না। তাই কোনও রেস্তরাঁতে বাঙালি খাবার মিলবে তা নিয়ে খোঁজ খবর করছি। অনির্বাণের আবার পছন্দ দেশি মুরগির ঝোল। সঙ্গে বিভিন্ন মিষ্টি।
মালদহের কেজে সান্যাল রোডের একটি পরিচিত রেস্তরাঁর মালিক জানান, সারা বছর আমরা কিছু কিছু বাঙালি পদ তৈরি করি। কিন্তু পুজো স্পেশাল বাঙালি পদে এবার আমরা জোর দিচ্ছি। শুক্তো থেকে মাছ ও মাংসের বিভিন্ন পদ এবং শেষ পাতে পায়েস রাখা হচ্ছে। অনেক ক্রেতাই ফোন করে জানতে চাইছেন পুজোয় বাঙালি পদ কী কী পরিবেশন করা হবে। ক্রেতাদের মন বুঝেই আমাদের এই প্রস্তুতি।
মালদহ শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে এক বহুতলে থাকা রেস্তরাঁর কর্ণধার বলেন, মোগলাই, চাইনিজ ইত্যাদি খাবার ছাড়াও আমরা পুজোতে বেশকিছু সাবেকি বাঙালি পদ পরিবেশন করতে চলেছি। তারজন্য অভিজ্ঞ বাঙালি খাবার রান্নায় পারদর্শী শেফ পর্যন্ত নিয়োগ করা হয়েছে।
পুজোর দিনগুলিতে স্বাদ ও রসনা নিবৃত্তির ক্ষেত্রে মালদহের বাঙালি যে চিরাচরিত ধারাতেই ফিরতে চাইছেন তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
 প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ