বেঙ্গালুরু: স্বাধীনতা দিবসের সকালে জোরালো বিস্ফোরণ। ভেঙে পড়ল অন্তত ১৩টি বাড়ি। প্রাণ হারাল এক নাবালক। ধ্বংসস্তূপে চাপা পড়ে জখম ৯ জন। কর্ণাটকের বেঙ্গালুরু শহরের উইলসন গার্ডেন এলাকার চিন্নায়াপট্টি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবারই ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা, নাকি অন্য কোনও দাহ্যবস্তু মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে খবর, ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় মুবারক নামে এক নাবালক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে এর প্রৌঢ়া সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল ৮টা নাগাদ বিস্ফোরণ ঘটে। চিন্নায়াপট্টির ওই এলাকার বাসিন্দাদের বেশিরভাগই শ্রমিক ও ছোট ব্যবসায়ী। ঘটনার সময় অনেকেই বাড়িতে না থাকায় আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কাস্তুরাম্মা নামে এক মহিলার বাড়িতে বিস্ফোরণ হয়। তিনি সকাল ৬টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। বাড়িটির প্রথম তলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ভূমিকম্প ভেবে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা।
অন্যদিকে, বেঙ্গালুরুরই নগরথাপেটের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই শিশু সহ ৫ জনের। শুক্রবার গভীর রাতে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।