পাটনা, ১৪ নভেম্বর: বিহারে বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের বাড়িতে বুলডোজার। সরকারি রাস্তা দখলের মতো গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিধায়কের বাড়ির পাঁচিল গুঁড়িয়ে দেওয়া হল প্রশাসনের তরফে। বিহারের অত্যন্ত পরিচিত লোকসঙ্গীত শিল্পী তথা বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্রের খবর, মৈথিলীর পরিবারের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের একাংশের তরফে অভিযোগ করা হয়। সরকারি রাস্তার পাশাপাশি গ্রাম্য দেবতা তিওয়ারি বাবার জমি, রাধাকৃষ্ণ মন্দির এবং একটি নিকাশি নালাও দখল করার অভিযোগ তোলা হয়। মুখ্যমন্ত্রীর দপ্তরেও বিষয়টি জানানো হয়।
ডেপুটি কালেক্টর অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমার গ্রামে পরিদর্শনে যান। সেখানে সরকারি রাস্তার একাংশ দখল করে পাঁচিল তোলার প্রমাণও মিলেছে। এরপরেই সেখানে বুলডোজার দিয়ে পাঁচিলটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেই রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।
এই ঘটনায় রাজনৈতিক পারদও চড়ছে। সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। তবে রাজ্যের শাসক জোট ‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ (এনডিএ)-এর বিধায়করা সাধারণ মানুষকে লুট করছেন বলে অভিযোগ করেন তেজস্বী যাদব। প্রশ্ন তোলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলবেন? এছাড়াও তেজস্বী, বিধায়ক মৈথিলী ও তাঁর বাবার বিরুদ্ধে কোটি কোটি টাকার জমি জবর দখলেরও অভিযোগ তুলেছেন।
তেজস্বী যাদবের বড়ো ভাই এবং ‘জন শক্তি জনতা দল’-এর ন্যাশনাল প্রেসিডেন্ট তথা প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদবও মৈথিলী ঠাকুরের বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান হওয়া উচিত। রাজনৈতিক পরিচয়, জনপ্রিয়তার ভিত্তিতে কাউকে তদন্তের আওতার বাইরে রাখা ঠিক নয়।’



